
আটলান্টিক সিটির শারদোৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহাযজ্ঞ
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির ফ্লোরিডা এভিনিউর গীতা সংঘের নিজস্ব প্রাঙ্গণে আগামী ১৫ অক্টোবর , সোমবার ষষ্ঠী পুজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে এবং ১৯ অক্টোবর,শুক্রবার বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গাপুজা শেষ হবে। দুর্গাপূজার বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে তিথি অনুযায়ী পুজা অর্চনা, অঞ্জলি,ধর্মীয় সভা,আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান,মহাপ্রসাদ বিতরন ইত্যাদি।দুর্গাপূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে গীতা সংঘের সিনিয়র শিল্পীদের সাথে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মও অংশগ্রহন করবে।
আগামী ১৬ অক্টোবর,মঙ্গলবার সন্ধ্যায় গীতা কালচারাল স্কুলের শিক্ষার্থীরা পরিবেশন করবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,গীতা কালচারাল স্কুলের প্রশিক্ষক বিশিষ্ট সংগীত শিল্পী সান্তনা রায় চৌধুরী গীতা স্কুলের শিক্ষার্থীদের সাথে মহড়ায় ব্যস্ত সময় পার করছেন।এরপর স্থানীয় শিশু-কিশোরদের পরিবেশনায় পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রবাস প্রজন্মে বেড়ে ওঠা শিশু-কিশোররা তাদের পরিবেশনের মাধ্যমে উপস্থিত সুধীজনকে বিমোহিত করবে।তাই মহড়াতে অংশগ্রহনকারীদের কল-কাকলিতে বিকেল থেকে রাত পর্যন্ত গীতা সংঘ প্রাঙ্গণ মুখরিত থাকে।এই দিন সবশেষে গীতা সংঘের সিনিয়র শিল্পীদের অংশগ্রহনে পরিবেশিত হবে গীতিআলেখ্য ‘মহালয়া’।
আগামী ১৭ অক্টোবর,বুধবার বিকেলে ধর্মসভা শেষে সন্ধ্যায় গীতা সংঘের সিনিয়র শিল্পীদের অংশগ্রহনে পরিবেশিত হবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ১৮ অক্টোবর,বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবাস প্রজন্মে বেড়ে ওঠা শিশু-কিশোর-কিশোরীরা পরিবেশন করবে মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান। এরপর পরিবেশিত হবে শারদোৎসবের সবচেয়ে আকর্ষণীয় পরিবেশনা আলেখ্যানুষ্ঠান ”’রাধার মান ভঞ্জন” ।এই আলেখ্য অনুষ্ঠান সফল ও সার্থক করে তোলার জন্য বিশিষ্ট কোরিওগ্রাফার নিবেদিতা ভট্টাচার্য্যর নির্দেশনায় ও পরিচালনায় প্রবাস প্রজন্মে বেড়ে ওঠা শিশু-কিশোররা মহড়ায় ব্যস্ত সময় পার করছে।
গীতা সংঘের শারদোৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মহাযজ্ঞের সার্বিক দেখভালের দায়িত্বে আছেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি সরকার ও সহ সাংস্কৃতিক সম্পাদক দেবস্বরূপ চক্রবর্তী ।
গীতা সংঘের শারদোৎসবের বিভিন্ন আয়োজনে নিউজার্সি ছাড়াও নিউইয়র্ক, পেনসিলভেনিয়া সহ অন্যান্য রাজ্য থেকেও প্রবাসী হিন্দুদের ব্যাপক সমাগম ঘটে।গীতা সংঘের দুর্গাপূজার হরেক আয়োজন নিয়ে আয়োজকরা এখন ব্যস্ত সময় পার করছেন।




