
আফগানিস্তানে নারী চলচ্চিত্র পরিচালক সাবা সাহার সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত
আফগানিস্তানের জনপ্রিয় অভিনয় শিল্পী ও চলচ্চিত্র পরিচালক সাবা সাহারকে সন্ত্রাসীরা গুলি করেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) কাবুলে নিজের কর্মস্থলে যাবার পথে হামলার শিকার হন সাবা।
৪৪ বছর বয়সী এই অভিনয় শিল্পীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তার বর্তমান শারীরিক অবস্থা এখনও জানা যায় নি। তবে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তার পাকস্থলীতে গুলি লেগেছে এবং সেটি অস্ত্রোপচার করে বের করা হয়েছে।
সাবা সাহারের স্বামী ইমাল জাকি জানিয়েছেন, যে গাড়িতে করে তিনি যাচ্ছিলেন সে গাড়িতে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাত হামলাকারীরা। এতে তার দুই দেহরক্ষীও হামলার শিকার হয়েছেন। তবে তার সন্তান অক্ষত আছেন।
হামলার পরপরই ওই এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অস্ত্রধারীদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
সাবা আফগানিস্তানের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক এবং জনপ্রিয় অভিনয় শিল্পী। একই সঙ্গে নারী অধিকার কর্মী হিসেবেও তিনি বেশ সুপরিচিত।
আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে হামলার ঘটনা বেড়ে গেছে। বিভিন্ন হামলার দায় তালেবান শিকার করলেও এ ঘটনার বিষয়ে এখনও গোষ্ঠীর পক্ষ থেকে কিছু স্বীকার করে নি।❐



