
আফগানিস্তানে ৪ নারী অধিকারকর্মীর মুক্তি
নারীদের শিক্ষা ও কাজের অধিকার নিশ্চিত করার দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে নিখোঁজ হয়েছিলেন আফগানিস্তানের চার নারী অধিকারকর্মী। আদতে তারা আটক হয়েছিলেন। গতকাল রোববার তাদের মুক্তির কথা জানিয়েছে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)। খবর বিবিসি।
খবরে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা চার নারী অধিকারকর্মীকে মুক্তি দিয়েছে আফগানিস্তানের ডি ফ্যাক্টো কর্তৃপক্ষ। রোববার ইউএনএএমএ এক টুইট পোস্টে এ খবর নিশ্চিত করেছে। মুক্তি পাওয়া নারীরা হলেন- তামানা জারিয়াবি পারিয়ানি, পরওয়ানা ইব্রাহিমখেল, জাহরা মোহাম্মাদি এবং মুরসাল আয়ার।
টুইট পোস্টে বলা হয়, নিখোঁজ চার আফগান নারী অধিকারকর্মীকে মুক্তি দিয়েছে তালেবান সরকার। স্বজনসহ নিখোঁজ নারীরা কোথায় ছিলেন, নিরাপদে ছিলেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল।
বিবিসি জানায়, চারজনের মধ্যে গত শনিবার মুক্তি পান তামানা জারিয়াবি পারিয়ানি। নারীদের শিক্ষা ও কাজের অধিকার নিশ্চিত করার দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেয়ার কয়েকদিন পর গত ১৯ জানুয়ারি নিখোঁজ হয়েছিলেন তিনি। এ সময় নিখোঁজ হন পরওয়ানা ইব্রাহিমখেলও। এর কয়েকদিন পর জাহরা ও মুরসাল নিখোঁজ হন। খোঁজ পাওয়া যাচ্ছিল না তাদের স্বজনদেরও। এ ঘটনায় তালেবানের যোগসূত্র থাকার দাবি করা হলেও তা অস্বীকার করে আসছিল সংগঠনটি।



