যুক্তরাষ্ট্র

রাশিয়ার জলসীমায় সাবমেরিন প্রসঙ্গে যুক্তরাষ্ট্র: মস্কোর দাবি ভিত্তিহীন

প্রশান্ত মহাসাগরে রাশিয়ার জলসীমায় মার্কিন সাবমেরিন অভিযান চালানোর কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার রাশিয়ার আঞ্চলিক জলসীমায় সামরিক অভিযান চালিয়েছে বলে দাবি করে মস্কো। খবর রয়টার্স

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে নিজেদের জলসীমায় নৌ মহড়া চালাচ্ছিল রাশিয়া। ঠিক এমন সময় কুরিল দ্বীপপুঞ্জের কাছে মার্কিন সাবমেরিনটিকে দেখা যায়। সতর্কসংকেত দেয়ার পরও সাবমেরিনটি স্থান ত্যাগ করেনি। পরে জলসীমা সুরক্ষাসংক্রান্ত নীতি মেনে সেটিকে সীমানার বাইরে পাঠিয়ে দেয় রাশিয়া।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মার্কিন সাবমেরিনটি সর্বোচ্চ গতিতে রাশিয়ার আঞ্চলিক জলসীমা ছেড়ে যায়। এ ঘটনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও জাতীয় নিরাপত্তা হুমকি তৈরিতে ওয়াশিংটনকে অভিযুক্ত করেছে রাশিয়া।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রুশ পানিসীমা লঙ্ঘন করে মার্কিন সাবমেরিনের উপস্থিতির অভিযোগকে ভিত্তিহীন বলেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক মুখপাত্র ক্যাপ্টেন কাইল রেইনস এক বিবৃতিতে বলেছেন, তাদের আঞ্চলিক জলসীমায় যুক্তরাষ্ট্রের অভিযানের তথ্যটির কোনো সত্যতা নেই। তিনি বলেন, আমাদের সাবমেরিনগুলোর সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না। তবে আমরা আন্তর্জাতিক জলসীমায় নিরাপদে বিমান ও জাহাজ চালাই।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক স্থাপনা নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে উচ্চ উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension