
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিরুদ্ধে রিপাবলিকানরা
এশিয়ার দুই দেশ ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের যে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার বিরোধিতা করেছেন তার নিজ দল রিপাবলিকের শীর্ষ নেতারা।
মার্কিন সিনেটের রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেল বলেছেন, ট্রাম্পের এ ধরনের সিদ্ধান্ত খুবই ভুল।
ট্রাম্প দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন, বিদেশ থেকে সব মার্কিন সেনাকে প্রত্যাহার করা হবে। ২০১৬ সালে এটি ছিল তার প্রধান নির্বাচনীয় ওয়াদা।
রিপাবলিকান শীর্ষ নেতারা বলছেন, হোয়াইট হাউস ছাড়ার আগে মার্কিন পররাষ্ট্রনীতিকে প্রশ্নবিদ্ধ করতে ট্রাম্প এ ধরনের বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন।
উল্লেখ্য, ইরাক ও আফগানিস্তান থেকে ৩ হাজার ২০০ মার্কিন সেনা কমানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার এ নির্দেশ জারি করেছেন। সম্প্রতি সাবেক প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বহিষ্কার করার পর মিলারকে তার স্থলাভিষিক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এসপার আফগানিস্তান থেকে মার্কিন সেনা সংখ্যা কমানোর বিরোধী ছিলেন।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী ২০২১ সালের ১৫ জানুয়ারির মধ্যে ইরাক ও আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা সংখ্যা ৫ হাজার জনে নামিয়ে আনা হবে।
আফগানিস্তানে বর্তমানে সাড়ে ৪ হাজার মার্কিন সেনা রয়েছে এবং ইরাকে রয়েছে ৩ হাজার ২০০ জন। ক্রিস্টোফার মিলারের নির্দেশে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা সংখ্যা সাড়ে ৪ হাজার থেকে আড়াই হাজারে এবং ইরাকে মোতায়েন সেনা সংখ্যাও ৩ হাজার ২০০ থেকে কমিয়ে আড়াই হাজারে নামিয়ে আনার কথা বলা হয়েছে।❐
বিবিসি



