
আমাজনের এক চা চামচ মাটিতে ১,৮০০ আণুবীক্ষণিক প্রাণ
আমাজনের জঙ্গলের মাত্র এক চা চামচ মাটিতেই সর্বোচ্চ ১ হাজার ৮০০ ধরনের আণুবীক্ষণিক প্রাণের অস্তিত্ব আছে। এর মধ্যে কেবল ছত্রাকই আছে ৮০০ ধরনের। আমাজনের মাটির নিচে লুকিয়ে থাকা এসব আণুবীক্ষণিক প্রাণের মধ্যে আছে আশ্চর্যজনক সব উপাদান, যা বিজ্ঞানীরা মাত্রই আবিষ্কার করতে শুরু করেছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে আনুমানিক প্রায় ৩৮ লাখ ধরনের ফাঙ্গাশ বা ছত্রাক আছে। এর বেশিরভাগেরই এখনও শ্রেণিবিন্যাস করা সম্ভব হয় নি। ব্রাজিলের আমাজন জঙ্গলে এই ছত্রাকের প্রাচুর্য আছে।
লন্ডনের কিউ বোটানিক্যাল গার্ডেনের বিজ্ঞানবিষয়ক পরিচালক প্রফেসর আলেক্সান্ড্রে আন্তোনেলি বলেন, আমাজনের বনাঞ্চলকে রক্ষা করতে হলে এই ছত্রাকের ভূমিকাটা বোঝা খুব দরকার। আপনি আমাজনের জঙ্গলের এক চা চামচ মাটি তুলে নিন, দেখবেন সেটিতে শত শত বা হাজার ধরনের প্রজাতির প্রাণের অস্তিত্ব আছে। জীববৈচিত্র্যবিষয়ক বিজ্ঞানের এক নতুন সীমানা কিন্তু এই ছত্রাক। জীববৈচিত্র্যের তালিকায় ছত্রাক সাধারণত উপেক্ষিত, কারণ এগুলো সাধারণত মাটির নিচে লুকিয়ে থাকে। আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থা আইইউসিএন বিপন্ন প্রাণী এবং গাছপালার যে তালিকা তৈরি করেছে, সেখানে মাত্র ১০০ ধরনের ছত্রাকের মূল্যায়ন করা হয়েছে।
বিবিসি বলছে, আমাজনের মাটিতে কত ধরনের ছত্রাক আছে সেটা জানতে গবেষকরা সেখানকার মাটি সংগ্রহ করে পরীক্ষা চালাচ্ছেন। জেনেটিক বিশ্লেষণ করে তারা দেখতে পেয়েছেন, সেখানে শত শত ধরনের ছত্রাক আছে। এর কিছু আছে যেগুলো গাছপালার শেকড়ে থাকে। কিছু ছত্রাক খুবই বিরল। এগুলোর বেশিরভাগেরই এখনও কোনও নাম রাখা হয় নি, কোনও পরীক্ষা করা হয় নি।
জার্মানির ডুইসবার্গ-এসেন ইউনিভার্সিটির গবেষক ড. ক্যামিলা রিটার বলেন, বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় জঙ্গলকে রক্ষা করতে হলে সেখানকার মাটির বৈচিত্র্য বোঝাও খুব গুরুত্বপূর্ণ। মাটির পুষ্টি ঠিক রাখা এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা নিয়ন্ত্রণে ছত্রাক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি খাদ্য এবং ওষুধেরও এক বড় উপাদান। তবে কিছু ছত্রাক আবার খুবই বিপজ্জনক। বিশ্বজুড়ে অনেক গাছপালা, ফসল ধ্বংসের কারণ। অ্যাম্ফিবিয়ান জাতীয় প্রাণীর বিলুপ্তির জন্যও ছত্রাককে দায়ী করা হয়।
আমাজনের মাটি নিয়ে এই গবেষণা চালিয়েছেন যুক্তরাজ্য, ব্রাজিল, জার্মানি, সুইডেন এবং এস্তোনিয়ার একদল গবেষক। তাদের গবেষণা প্রকাশিত হয়েছে ইকোলজি অ্যান্ড ইভলিউশন জার্নালে। ⛘



