
আরএসএস নিষিদ্ধের দাবিতে সরব কংগ্রেস সভাপতি খাড়গে
ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএসকে নিষিদ্ধের দাবিতে সরব হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, দেশজুড়ে আইন-শৃঙ্খলা বিঘ্নতার জন্য দায়ী হিন্দুত্ববাদী সংগঠনটিকে নিষিদ্ধ করা উচিত। শুক্রবার সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী এবং সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন খাড়গে। এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।
এতে বলা হয়, কংগ্রেস সভাপতি ব্যক্তিগতভাবে মনে করেন আরএসএসকে নিষিদ্ধ করা উচিত। খাড়গে তার ভাষণে বলেন, দেশের বেশিরভাগ আইন-শৃঙ্খলাজনিত সমস্যা বিজেপি ও আরএসএসের কারণে তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী যদি সত্যিই সর্দার প্যাটেলের ভাবনাকে সম্মান করেন তবে তারই উদাহরণ অনুসরণ করে এই পদক্ষেপ নেওয়া উচিত।
নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করতে ছাড়েননি এই নেতা। বলেন, সর্দার প্যাটেলকে প্রায়ই স্মরণ করলেও মোদি তার বাস্তব চিন্তাধারাকে মানেন না। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৪৮ সালে মহাত্মা গান্ধীর হত্যার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেল শ্যামাপ্রসাদ মুখার্জিকে একটি চিঠিতে আরএসএসের সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে উল্লেখ করেছিলেন। সে কারণেই প্যাটেল তখন আরএসএসকে নিষিদ্ধ করেছিলেন।
কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, মোদি সরকার ইতিহাস বিকৃত করছে। গান্ধী, গডসে, আরএসএস ও ২০০২ সালের দাঙ্গার প্রসঙ্গ এনসিইইআরটি বই থেকে বাদ দেওয়া হয়েছে। সর্দার প্যাটেল দেশ ও ধর্মনিরপেক্ষতার স্বার্থে আরএসএসকে নিষিদ্ধ করেছিলেন, আর আজ তারা ইতিহাস নিজেদের মতো করে লিখছে।
এর আগে গুজরাটে স্ট্যাচু অব ইউনিটিতে সর্দার প্যাটেলকে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালান। তিনি বলেন, সর্দার প্যাটেল যেমন অন্যান্য দেশীয় রাজ্যগুলোকে ভারতের সঙ্গে একত্রিত করেছিলেন, তেমনই তিনি পুরো কাশ্মীরকেও যুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু নেহরু তাকে তা করতে দেননি। কাশ্মীরকে আলাদা সংবিধান ও পতাকা দেওয়া হয়েছিল, আর তার ফল দেশকে দশকের পর দশক ভুগতে হয়েছে।



