
আলোচিত বক্তা আমির হামজা গ্রেফতার
আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম।
সোমবার (২৪ মে) সন্ধ্যায় কুষ্টিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান জানান, আমির হামজার বিরুদ্ধে কাউন্টার টেরোরিজম ইউনিটে তদন্তাধীন একটি মামলা রয়েছে। সেই মামলায় তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে আজ কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাকে সিটিটিসি কার্যালয়ে আনা হচ্ছে।
এর আগে সোমবার বিকাল ৫টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবুরাভিটা গ্রামের নিজ বাড়ি থেকে আমির হামজাকে হাতে হ্যান্ডক্যাফ পরিয়ে একটি কালো গাড়িতে করে নিয়ে যাওয়া হয় বলে তার পারিবার নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, গত ৫ মে সংসদ ভবন এলাকা থেকে তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টায় সাকিব নামে একজনকে আটক করা হয়। সাকিবকে আটকের পর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, সাকিব মোবাইল ফোনে উগ্রবাদ বার্তা সংবলিত ভিডিও প্রচারকারী আলী হাসান উসামা, মাহমুদুল হাসান গুনবী এবং আমির হামজার উগ্রবাদী জিহাদি হামলার বার্তা সংবলিত ভিডিও দেখে উগ্রবাদে আসক্ত হয়।
সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় যেসব বক্তাদের নাম ছিল তাদের অনেকেই গ্রেফতার হয়েছেন। এখনও বেশ কয়েকজন কথিত ইসলামী বক্তা নিয়মিত ধর্মের অপব্যাখ্যা দিয়ে জিহাদের ডাক দিয়ে যাচ্ছেন। এদের মধ্যে অন্যতম দুজন মাহমুদুল হাসান গুনবী ও মুফতি আমির হামজা।
ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও দেশজুড়ে উগ্রবাদ ছড়ানোর অভিযোগে আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে গ্রেফতারের চেষ্টা করছিল পুলিশ।
পুলিশের দাবি, আমির হামজা ওয়াজ-মাহফিলে ইসলামের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন এবং ইউটিউবে অবমুক্ত তার বেশ কিছু বক্তব্য উগ্রবাদ ছড়াচ্ছে। যা শুনে কোমলমতি কিশোর-তরুণরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছেন। সাম্প্রতিক হেফাজতের নেতাকর্মীদের গ্রেফতার অভিযানের কারণে আত্মগোপনে রয়েছেন আমির হামজা এমন সংবাদ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়।❐



