
ইংল্যান্ডের তারকা ফুটবলারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ
রূপসী বাংলা ঢাকা স্পোর্টস ডেস্ক: নব্বই দশকে ব্রিটিশ ফুটবলে অন্যতম সেরা প্রতিভাবান মিড-ফিল্ডার হিসেবে বিবেচনা করা হত তাঁকে। বুট জোড়া তুলে রেখেছেন প্রায় দেড় দু’ দশক আগে৷ কিন্তু সম্পূর্ণ কারণে ফের খবরের শিরোনামে৷ মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ ইংল্যান্ডের প্রাক্তন তারকা ফুটবলার পল গ্যাসকোয়েনকে গ্রেফতার করে পুলিশ৷

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ সূত্রে খবর, গত অগস্ট মাসে ইয়র্ক থেকে ডারহ্যামগামী চলন্ত ট্রেনে এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে ওঠে৷ এই অভিযোগের ভিত্তিতে গ্যাসকোয়েনকে গ্রেফতার করে ডারহ্যাম পুলিশ। দু-দু’টি বিশ্বকাপ খেলা এই ফুটবলারের গ্রেফতারির ঘটনা প্রকাশিত হয়েছে ব্রিটিশ মিডিয়ায়৷ ১৯৯০ ও ১৯৯৮ বিশ্বকাপে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেন গ্যাসকোয়েন৷
ইয়র্ক থেকে ডারহ্যামগামী ওই ট্রেনে ঘটনাটি ঘটার বেশ কিছুদিন পর মহিলার হয়ে গ্যাসকোয়েনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতেই প্রাক্তন ব্রিটিশ ফুটবলারের বিরুদ্ধে শুরু হয় তদন্ত। ২০০৩ যৌন অপরাধ সংক্রান্ত অ্যাক্টের সেকশন ৩ ধারায় ওই মহিলার শরীর স্পর্শ করে তাঁকে হেনস্থার ঘটনায় অবশেষে অভিযুক্ত হলেন ইংল্যান্ডের জার্সি গায়ে ৫৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ফুটবলার।

অভিযুক্ত গ্যাসকোয়েনের বিরুদ্ধে যৌন হেনস্থার ঘটনায় শীঘ্রই শুরু হবে মামলা। নিউটাউন অ্যায়ক্লিফ ম্যাজিস্ট্রেট আদালতে আগামী ১১ ডিসেম্বর মামলার প্রথম শুনানি। ২০ অগস্টের এই ঘটনাকে কেন্দ্র করেই গ্যাসকোয়েনের বিরুদ্ধে জমেছে অভিযোগের পাহাড়।

ইংরেজ ফুটবলে ‘গাজ্জা’ নামে পরিচিত ৫১ বছর বয়সি গ্যাসকোয়েন বল পায়ে মাঠ মাতিয়েছেন নিউক্যাসেল, টটেনহ্যাম, ল্যাজিও, রেঞ্জার্সের মত ক্লাবে। এই ফুটবলারের ফুটবল পরবর্তী জীবনে এসেছে নানা কালো অধ্যায়। ড্রাগ এবং অ্যালকোহলে আসক্ত হয়ে দিনের পর দিন রি-হ্যাবে কাটিয়েছেন ক্লাব ফুটবলে ৮৩টি গোলের মালিক। এরপর যৌন হেনস্থার মত ঘটনায় অভিযুক্ত হওয়ায় ফের নেতিবাচক ঘটনার শিরোনামে এলেন গ্যাসকোয়েন।



