
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজী হয়েছেন পুতিন
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজী হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে এ বিষয়ে সম্মতি দিয়েছেন পুতিন।
এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ডনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে অনুষ্ঠিত শুক্রবারের আলাস্কা সফরের বিষয়ে বিস্তারিত জানান উইটকফ। জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে, এ বিষয়ে পুতিন সম্মত হয়েছেন এবং এ বিষয়টিকে তিনি গেম চেঞ্জিং বলে মন্তব্য করেছেন। তিনি এই অ্যারেঞ্জমেন্টকে ন্যাটোর গুরুত্বপূর্ণ বিধান আর্টিকেল -৫ এর মতো বলে বর্ণনা করেছেন।
ন্যাটোর চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র আক্রমণকে সকল সদস্য দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হয়। উইটকফ বলেন, সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে আর কোনো ভূখণ্ডে না যাওয়ার বিষয়েও রাজী পুতিন।



