
ইউক্রেনের পাইলটদের এফ-১৬ চালানোর প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র
অবশেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মার্কিন অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান পাওয়ার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে।
দীর্ঘদিন গড়িমসি করলেও এবার ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে সহায়তা করতে পশ্চিমা মিত্র দেশগুলোকে সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
এ জন্য ইউক্রেনের পাইলটদের মার্কিন এসব যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেওয়ারও ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।
শুক্রবার হিরোশিমায় চলমান জি-৭ সম্মেলনের বৈঠকে এমন কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ কথা জানিয়েছেন।
হিরোশিমায় সাংবাদিকদের সুলিভান বলেন, ইউক্রেনের পাল্টা হামলা সফল করার জন্য গত কয়েক মাস ধরেই কিয়েভকে প্রয়োজনীয় অস্ত্র ও ট্রেনিং সহায়তা দেওয়া নিয়ে ভাবছিলাম আমরা। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করেছি।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আমদানি করা মার্কিন সরঞ্জাম অন্য দেশে রফতানি করতে আইনি অনুমোদন প্রয়োজন হয়। মিত্র দেশগুলোর জন্য ইউক্রেনকে অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়ে সহায়তা করার এ পথ খুলে দিলো যুক্তরাষ্ট্র।
সুলিভান বলেন, দীর্ঘদিনের প্রতিশ্রুতি মোতাবেক এবার ইউক্রেনের বিমানবাহিনী উন্নতির দিকে মনোযোগ দেবে। কবে, কখন, কতগুলো যুদ্ধবিমান পাঠানো হবে এবং কোন কোন দেশ সেগুলো পাঠাবে, তা মিত্রদেশগুলোর সঙ্গে আলোচনা করে জানাব আমরা।
পশ্চিমা মিত্রদের কাছে বরাবরই যুদ্ধবিমান চেয়ে আসছিল ইউক্রেন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ নিয়ে শনিবার আনুষ্ঠানিক বিবৃতিতে জেলেনস্কি বলেন, এই পদক্ষেপ আমাদের বিমানবাহিনীকে উন্নত করতে সাহায্য করবে।



