
ইউরোপীয় পার্লামেন্টারিয়ান প্রতিনিধি দলের প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: ইউরোপীয় পার্লামেন্টারিয়ান একটি প্রতিনিধি দল শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, জিউসিপ্পে ফার্নান্দিনো ছয় সদস্য বিশিষ্ট ইউরোপীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের ইতিহাস এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার সম্পর্কে জানতে পেরে অভিভূত হন। এ প্রসঙ্গে তারা প্রধানমন্ত্রীকে জানান, তারা রাজধানীস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন।
বাসস
ইউরোপীয় পার্লামেন্টারিয়ান প্
প্রতিনিধি দলের সদস্যরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিশেষ করে নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন এবং তারা এই উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান। প্রধানমন্ত্রী এ সময় প্রতিনিধি দলের সদস্যদের তার সরকারের নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন সম্পর্কে গৃহীত বিভিন্ন পদক্ষেপ অবহিত করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিমাসেই শিক্ষার্থীদের বৃত্তির টাকা মোবাইল ফোনের মাধ্যমে মায়েদের কাছে পৌঁছে দিচ্ছি। এ ছাড়াও প্রাথমিক পর্যায়ে শিক্ষক নিয়োগের শতকরা ৬০ ভাগ নারীদের থেকে নিয়োগ করা হচ্ছে।’
সন্ত্রাসের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার শক্ত হাতে এই সামাজিক ব্যাধিকে দমন করতে সক্ষম হয়েছে। তার সরকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যেমন- শিক্ষক, শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের সমম্বয়ে সন্ত্রাসের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। তার সরকার জনগণের মৌলিক চাহিদাগুলো বিশেষ করে অন্ন, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা সেবার ব্যবস্থা করতে কঠোর পরিশ্রম করছে। তিনি আরও বলেন, তার সরকার দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য গবেষণার প্রতি গুরুত্বারোপ করেছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।



