
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: নেতিবাচক রাজনীতির কারণে জনমতের দিক থেকে বিএনপি সঙ্কুচিত হয়ে বেপরোয়া আচরণ করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, তাদের এ বেপরোয়া আচরণে আমার শঙ্কিত। আজ ২৪ নভেম্বর শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নেতিবাচক রাজনীতির কারণে জনমতের দিক থেকে তারা আজ সঙ্কুচিত হয়ে পড়েছে। সে কারণে তারা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। এ জন্য আমরা শঙ্কিত, বিএনপি কখন দেশে কি ঘটিয়ে ফেলে।’
প্রশাসনে রদবদল নিয়ে বিএনপির দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কাদের বলেন, ‘এই মুহূর্তে তারা কিছু অজুহাত দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায়। তারা জানে আগামী নির্বাচনে তাদের জেতার কোনও সম্ভাবনা নেই। এজন্য প্রশাসনিক ব্যবস্থাকে বিএনপি ভেঙ্গে দিতে চায়।
কাদের বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য প্রশাসন যেখানে কাজ করে যাচ্ছে সেখানে বিএনপি জনগণের কাছে না গিয়ে তারা প্রশাসনকে আক্রমন করে কথা বলছে। প্রশাসনিক কর্মকর্তাদের একটি শান্তিপূর্ণ পরিবেশে বজায় রয়েছে। মিথ্যা বানোয়াট কাহিনী প্রশাসনের নামে প্রচার করে দেশের প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দিতে চায় তারা। তারা চায় দেশে একটি অকার্যকর ব্যবস্থা চালু করতে।
ওবায়দুল কাদের বলেন, ‘মিডিয়ার লোকদের নিয়ে আমরা একটা কমিটি করেছি। সেখানে আলোচনা হয়েছে, যদি সাইবার আক্রমণ করা হয়, কিভাবে তা প্রতিরোধ করা যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।



