
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: গতকাল ২০ নভেম্বর মঙ্গলবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের কাছে একটি চিঠি দেয়। চিঠিতে বিএনপি নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালু্দ্দীন আহমদের বদলিসহ কমিশনে নয় দফা দাবি জানিয়েছে। চিঠিটিতে সই করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চিঠিতে বলা হয়েছে, একাদশ সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির লক্ষ্যে দলটির পক্ষে এসব দাবি জানানো হল।
চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশন, জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ নির্বাচন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব এবং পুলিশ সদর দফতরের মাঠ প্রশাসনের বদলি, নির্বাচন নিয়ন্ত্রণ সংক্রান্ত পদে পদায়ন ও বদলিতে সিনিয়রিটি ও মেধাক্রম অনুসরণ করতে হবে। সব বিভাগীয় কমিশনার, পুলিশের রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনারদের প্রত্যাহার করে সিনিয়রিটির ভিত্তিতে পদায়ন, ডিসি, এসপি ও মেট্রোপলিটন এলাকায় উপ-পুলিশ কমিশনার পদে দুই বছরের বেশি দায়িত্বপালনকারীদের প্রত্যাহার ও বদলি, ডিসি পদায়নে ফিট লিস্ট তৈরি এবং ইউএনও ও ওসিদের বর্তমান কর্মরত জেলার বাইরে বদলি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন বা আছেন এবং মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী/উপদেষ্টাদের পিএস ও এপিএস হিসেবে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের নির্বাচন সংশ্লিষ্ট পদে পদায়ন না করা।
চিঠির সঙ্গে ৪৫ জেলার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের একটি তালিকাও যুক্ত করা হয়েছে। তাদের মধ্যে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদও রয়েছেন, তার দায়িত্বপ্রাপ্ত জেলা বান্দরবান। প্রসঙ্গত, পুনঃতফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।



