খেলাপ্রধান খবর

উত্তাপের আবহেই এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাক

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আর মাত্র কয়েকঘন্টা। এশিয়া কাপে মুখোমুখি যুযুধান দুই প্রতিপক্ষ ভারত-পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচের উত্তাপ দুবাইয়ের তাপমাত্রা যেন বাড়িয়ে দিয়েছে আরও কয়েকগুণ। মাঠ ভরাতে ইতিমধ্যেই স্টেডিয়ামের বাইরে জড়ো হতে শুরু করেছেন সমর্থকেরা। পাশাপাশি মেগা ম্যাচে টিকিটের হাহাকারে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম চত্বরে বস্তুত এখন গনগনে আঁচ।

প্রথম ম্যাচের আগে দুবাইয়ের গরম হাওয়া চিন্তায় রেখেছিল ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। বুধবার মাঠে নামার আগে রোহিতের চিন্তা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে হংকং। হংকংয়ের বিরুদ্ধে কষ্টার্জিত ২৬ রানের জয় অধিনায়কের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান ম্যাচের আগে। গরমে টানা দুদিন ম্যাচ খেলতে হওয়ায় বাড়তি ধকল যে মেন ইন ব্লু’কে নিতে হবে, তা বলাই বাহুল্য। তার উপর এরকম বড় ম্যাচে কোহলিহীন একাদশ, সবমিলিয়ে ম্যাচ শুরুর আগে বেশ চিন্তায় ভারতীয় দলের থিঙ্কট্যাঙ্ক। তবে চাপকে প্রশ্রয় দিতে নারাজ ভারত অধিনায়ক। হাইভোল্টেজ ম্যাচের একাদশ বাছতে হিমশিম খেলেও গতবছর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের বদলা নিতে মরিয়া রোহিত এন্ড কোম্পানি।

অন্যদিকে প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটে হারিয়ে মহারণের আগে বেশ চনমনে পাক শিবির। চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর থেকে বিশেষ পরিবর্তন না হওয়ায় পাকিস্তান দল তুলনামূলক অনেক বেশি ব্যালান্সড। তার উপর ঘরের মাঠ হওয়ায় দুবাইয়ের জল হাওয়ায় অভ্যস্ত তারা। মেগা ম্যাচের আগে তাই নিজেদের এগিয়েই রেখেছেন পাক পেসার হাসান আলি। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে জয়কেও এগিয়ে থাকার কারণ হিসেবে বেছে নিয়েছেন এই পাক পেসার। পাশাপাশি এশিয়া কাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী বিরাট কোহলির না থাকাটা একটা বড় অ্যাডভান্টেজ পাক বোলিং বিভাগের কাছে।

যদিও এর আগে এশিয়া কাপে সাক্ষাতের পরিসংখ্যানে পাল্লা কিছুটা ঝুঁকে রোহিতদেরই দিকে। এশিয়া কাপে দু’দলের ১২ বার সাক্ষাতে ভারত জিতেছে ৬ টি ম্যাচে, আর পাকিস্তান জয় পেয়েছে ৫ টি ম্যাচে। একটি ম্যাচের কোনও ফলাফল হয়নি। এমনকি এযাবৎ এশিয়া সেরার এই টুর্নামেন্টে সবচেয়ে সফল ছ’বারের চ্যাম্পিয়ন ভারতই। পরিসংখ্যানে বেশ কিছুটা পিছিয়ে গ্রীণ আর্মি। টুর্নামেন্টে মাত্র দু’বারের চ্যাম্পিয়ন তারা।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ দেখতে দর্শকাসনে হাজির থাকছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। উত্তাপের ম্যাচে ইমরানের উপস্থিতি যে জৌলুষ অনেকটাই বাড়াবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার পারমুটেশন কম্বিনেশন পাশে রেখে মাঠের লড়াইয়ে বাজিমাৎ করে কোন দল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension