খেলা

রোনাল্ডোহীন রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু আজ

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ২০০৯ ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড থেকে যোগ দেওয়ার পর গত ন’টি মরশুমে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। তাঁর সময়কালে চার-চারটি ইউরোপ সেরার খেতাব ঢুকেছে ক্লাবের লকাররুমে। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হয়ে রেকর্ড ১০৫ গোলের মালিক তিনি। এহেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়া দশকে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

শুধু রোনাল্ডোই নন, ডাগ আউটে বসে গত তিনবার লস ব্ল্যাঙ্কোসদের ইউরোপ সেরা করার পিছনে জিনেদিন জিদানের ভূমিকা ছিল অনস্বীকার্য। সেই জিদানও দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন মরশুম শুরুর আগে। সবমিলিয়ে রোনাল্ডো-জিদান অধ্যায় এখন অতীত মাদ্রিদের এই ক্লাবে। আর হাই-প্রোফাইল এই দুই নাম ছাড়া খেতাব কিভাবে নিজেদের দখলে রাখেন বেলরা, দেখতে মুখিয়ে রয়েছেন সমর্থকেরা। চোদ্দতম খেতাবের লক্ষ্যে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরু করছে লোপেতেগুইয়ের ছেলেরা। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দলে রোনাল্ডো-জিদানের অনুপস্থিতি যে একটা ফ্যাক্টর, মেনে নিচ্ছেন অনেকেই।

ঘরের মাঠে বেল, বেঞ্জেমাদের প্রতিপক্ষ রোমা। ইউরোপে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টে নামার আগে রোনাল্ডোর না থাকাকে বিশেষ গুরুত্ব দেওয়ার পক্ষপাতী নন মাঝমাঠের স্তম্ভ বেল। তাঁর সাফ কথা, একজন খেলোয়াড়ের উপর নির্ভরশীল হয়ে খেলার চেয়ে ইউনিট হিসেবে খেলা অনেক বেশি স্বাস্থ্যকর।’ পরোক্ষভাবে রোনাল্ডোকে বেলের এমন কটাক্ষ উস্কে দিয়েছে বিতর্কও।

রোনাল্ডোর অনুপস্থিতি নিয়ে বিশেষ মাথাব্যথা নেই রিয়ালের নতুন কোচ লোপেতেগুইয়েরও। তিনি মজানিয়েছেন, ‘দলে যারা আছে তাদের উপরেই আমরা ফোকাসড। আমরা লড়াই এবং ট্রফি জয়ের জন্য প্রস্তুত।’

যদিও অধিনায়ক র‍্যামোসের গলায় অন্য সুর। তুরিন পৌঁছে তাঁর নতুন সংসারকে ‘ফ্যামিলি’ নামে অভিহিত করেছিলেন সিআরসেভেন। এই প্রসঙ্গে লস ব্ল্যাঙ্কোস অধিনায়কের স্পষ্ট বক্তব্য, ‘আমি জানিনা ও ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে কিছু বলেছে কীনা? তবে আমাদের ড্রেসিংরুম পরিবেশবান্ধব ছিল বলেই গত তিনবার আমরা ইউরোপ সেরা হতে পেরেছি।’ এখন দেখার আশা-আশঙ্কার দোলাচলে রোনাল্ডোহীন মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান কতটা সুখের হয়।

অন্যদিকে একইদিনে নতুন ক্লাব জুভেন্তাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করছেব রোনাল্ডোও। বুধবার তাদের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া। প্রথম তিন ম্যাচে গোল না পেলেও চ্যম্পিয়ন্স লিগ শুরুর ঠিক আগে সিরি ‘এ’ র ম্যাচে জোড়া গোল করেছেন পর্তুগিজ সুপারষ্টার। জুভে সমর্থকরাও মাদ্রিদের ফর্মেই রোনাল্ডোকে দেখতে চাইছেন চ্যাম্পিয়ন্স লিগে। সিআরসেভেনের হাত ধরে ইতালির ক্লাবটির ২২ বছরের ট্রফি খরা কাটে কিনা, সেটাই এখন দেখার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension