
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: শুক্রবার বিকেলে সাঘাটা-ফুলছড়ি উপজেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সংলাপ চলবে, নির্বাচনও যথাসময়ে অনুষ্ঠিত হবে।
মন্ত্রী বলেন, সংলাপে বেশ কিছু অগ্রগতি হয়েছে। সভা-সমাবেশে অতীতে যেমন বাধা ছিল না, এখনও নেই এবং থাকবে না। বিদেশিরা এলেও নির্বাচন শুরু করতে পারব, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার সব ব্যবস্থাই হয়েছে।
তিনি বলেন, সুতরাং এখন আর নির্বাচন থেকে দূরে থাকার অবকাশ নেই। তাই স্বাভাবিকভাবে আমরাও আশা করি, বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেবে। উৎসবমুখর পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক, জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, দীপংকর সাহা দিপু, বেলা রানী, বিরেন সরকার মিন্টু, প্রণব চৌধুরী খোকন, মোছাদ্দেক আহম্মেদ বুলবুল, এমএ মতিন মোল্লা, মাসুদুর রহমান মাসুদ, রেজাউল করিম, প্রভাষক মতিয়ার রহমান, আলমগীর হোসেন প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে চলেছে, যা বর্তমানে প্রয়োজন সেটা হলো সততা প্রতিষ্ঠা। উন্নয়নের পাশাপাশি ধনী-গরিবে ক্রমবর্ধমান আয়-বৈষম্য, ধন-বৈষম্য কমিয়ে আনতে হবে। দুর্নীতিকে কঠোর হস্তে দমন করতে হবে। বন্ধ করতে হবে সাম্প্রদায়িকতার বিস্তার ও জঙ্গিবাদ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১৪ দলীয় সরকারকে আবারও নির্বাচিত করতে হবে।



