
একটি টিকিটের দাম ২৮ হাজার ডলার
হঠাৎ করেই বেড়ে গিয়েছে টেইলর সুইফটের কনসার্টের টিকিটের দাম। ইউএস স্টেডিয়াম ট্যুরে তার কনসার্টের টিকিটের দাম চাওয়া হচ্ছে ২৮ হাজার ডলার। তবে এটি মোটেও অফিশিয়াল দাম নয়। কালোবাজারি করে এমন দাম রাখা হচ্ছে। গত মঙ্গলবার টিকিটের প্রি-সেল শুরু হয়। সে সময় থেকেই অনলাইনে প্রচুর মানুষ টিকিট কিনে ফেলে। তারপর সেই টিকিটই নতুন করে বেশি দামে বিক্রি করা হচ্ছে।
দি এরাস ট্যুর নামে এ কনসার্ট ২০১৮ সাল থেকেই করে থাকেন টেইলর। এবারই টিকিট বিক্রি নিয়ে বড় ধরনের সমস্যা হলো। দাম বেশি রাখার পেছনে টিকিট বিক্রির অনলাইন প্রতিষ্ঠান টিকিটমাস্টারের ব্যর্থতা রয়েছে। অতিরিক্ত চাহিদা থাকায় তাদের সার্ভার ক্র্যাশ করার কারণে টিকিট বিক্রি ব্যাহত হয়। ক্রেতারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও টিকিট কিনতে পারেননি। এ কারণে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং টিকিটমাস্টারের একচেটিয়া ব্যবসার বিরুদ্ধেও কথা বলা শুরু হয়।
টিকিট বিক্রির এ সমস্যার কারণে গত বুধবার থেকেই অনলাইনে ক্ষোভ প্রকাশ করে টেইলর ভক্তরা। কেউ কেউ বলেছেন, তারা ৩ ঘণ্টা ধরে অপেক্ষা করেছেন কিন্তু টিকিট পাননি। টিকিটের এমন চাহিদার কারণে কালোবাজারে বিক্রির ব্যাপারটাও সহজ হয়ে যায়। যারা টিকিট কিনেছিলেন, তারা সে টিকিট বেশি দামে বিক্রির চেষ্টা করেন। ফ্লোরিডার টাম্পায় আগামী এপ্রিলে অনুষ্ঠেয় একটি শোয়ের জন্য বিভিন্ন ক্যাটাগরির টিকিটের দাম ধরা হয়েছে ৩৩৮ থেকে ২৫ হাজার ৩৫০ ডলার পর্যন্ত।
টেইলর সুইফটের সময়টা বেশ ভালো যাচ্ছে। গত অক্টোবরে তার পপ অ্যালবাম ‘মিডনাইটস’ মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই এর গানগুলো জনপ্রিয়তা পায়। টেইলরের এ জনপ্রিয়তা বহু আগে থেকেই দেখা গিয়েছে। নতুন করে আবার তৈরি হয়েছে তাকে নিয়ে আগ্রহ। আমেরিকায় তার এরাস ট্যুরের জন্য এখন তাই সবার অপেক্ষা। ট্যুরটি ২০২৩ সালের মার্চে শুরু হয়ে শেষ হবে আগস্টে।



