প্রধান খবরযুক্তরাষ্ট্র

এক মাসের মধ্যে কিমের সঙ্গে আলোচনা হতে পারে:ট্রাম্প

রূপসী বাংলা ডেস্ক:উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে। আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা হতে পারে৷ টুইট করে এমন খবরই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

শনিবার এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টি উল্লেখ করেন৷ তিনি বলেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক৷

এই বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত না হলেও, বিশেষ সূত্রে খবর, মার্কিন প্রশাসনের সম্ভাব্য বৈঠকে স্থান নির্ধারণের প্রাথমিক পর্যায়ে রয়েছে মঙ্গোলিয়া ও সিঙ্গাপুর৷

গত শুক্রবারই উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতাদের এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে কোরীয় উপত্যকার পারমাণবিক অস্ত্র মুক্ত করার বিষয়ে তারা সম্মত হন। এর আগে বহু বছর ধরে উত্তর কোরিয়া বলে আসছে, পিয়ংইয়ং কখনোই পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করবে না। কারণ মার্কিন আগ্রাসন থেকে নিজেদের রক্ষায় এটি তাদের প্রয়োজন।

চলতি বছরের শুরুতে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণের মাধ্যমে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখায় পিয়ংইয়ং। আর তাতে সাড়া দিয়েই অনুষ্ঠিত হয়েছে দুই কোরিয়ার নেতাদের বৈঠক।

এই বৈঠকের আগে পিয়ংইয়ং সফর করে আসেন নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও।

তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ অর্জনের লক্ষ্যে কিম জং উন একটি রোডম্যাপ প্রস্তুত করছেন। তিনি বলেন, পিয়ংইয়ং-এ তাদের বৈঠক সফল হয়েছে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension