
এপস্টেইনের সহযোগী ফরাসি এজেন্টের মরদেহ উদ্ধার
মার্কিন ধনকুবের এবং দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার। গত ২০ জুলাই প্যারিসের শহরতলি কোলম্বেসের নিজ বাসভবন থেকে ৬৯ বছর বয়সী এই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ফরাসি কর্তৃপক্ষ।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত ও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে নান্তেসের জুডিশিয়াল কোর্টের প্রসিকিউটর অফিস।
ড্যানিয়েল সিয়াদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি এক দশকেরও বেশি সময় ধরে জেফরি এপস্টাইনের জন্য অপ্রাপ্তবয়স্ক কিশোরী ও তরুণী মডেলদের সরবরাহ এবং যাতায়াতের ব্যবস্থা করতেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত এপস্টাইন ফাইলসের হাজার হাজার নথিতে সিয়াদের নাম এবং তার সাথে এপস্টাইনের ইমেইল যোগাযোগের প্রমাণ পাওয়া যায়।
এক বিবৃতিতে সিয়াদের আইনজীবী মেইনা আরব-তিগ্রিন জানিয়েছেন,তার বিরুদ্ধে ফ্রান্সে ধর্ষণ, মানবপাচারসহ একাধিক অভিযোগ ছিল।
তবে তাকে কখনোই বিচারের আওতায় আনা হয়নি। সে মারা গেছে এবং নির্দোষ ছিল বলে যোগ করেন তিনি।
জেফরি এপস্টাইনের যৌন অপরাধ নেটওয়ার্কের সাথে যুক্ত ফরাসি সহযোগীদের মধ্যে ড্যানিয়েল সিয়াদ হলেন দ্বিতীয় ব্যক্তি, যার মৃত্যু হলো। এর আগে ২০২২ সালে এপস্টাইনের আরেক ঘনিষ্ঠ সহযোগী এবং কুখ্যাত ফরাসি মডেলিং এজেন্ট জঁ-লুক ব্রুনেল প্যারিসের একটি কারাগারে বিচারের মুখোমুখি হওয়ার আগেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছিলেন।
উল্লেখ্য, মূল অপরাধী জেফরি এপস্টাইন নিজেও ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে আত্মহত্যা করেন।



