
এফবিসিসিআইকে নিয়ে শিশুশ্রম নির্মূল করতে চায় ‘ডিসিআই’
ঢাকা প্রতিনিধি:বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনকে (এফবিসিসিআই) সঙ্গে নিয়ে বাংলাদেশ থেকে শিশুশ্রম নির্মূল করতে চায় ডিস্ট্রেডস চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই)।
রবিবার মতিঝিলে এফবিসিসিআইয়ে ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ডিসিআই-এর নির্বাহী পরিচালক ডা. এহসানুল হক এ কথা বলেন।
তিনি জানান, ‘এফবিসিসিআইকে সঙ্গে নিয়ে কাজ করতে পারলে বাংলাদেশ থেকে চাইল্ড লেবার রিমুভ করা সম্ভব। কারণ এফবিসিসিআই দেশের সব চেয়ে বড় ব্যবসায়ী সংগঠন। সারাদেশে তাদের ব্যবসায়িক কমিউনিটি রয়েছে। আর শিশুশ্রম নির্মূলে যেসব বিদেশি সংস্থা কাজ করে আমাদের তাদের সঙ্গে যোগাযোগ আছে। সবার সহোযোগিতায় এটা সম্ভব।’
অনুষ্ঠানে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বক্তারা শিশুশ্রম কীভাবে বন্ধ করা যায় সে মতামত ব্যক্ত করেন।
ডা. এহসানুল হক বলেন, ‘আমি ১০৯০ সালে বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়ে এ সামাজিক কাজটি শুরু করি। সেখানে বিদেশি বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে কাজ করেছি। তখন বাংলাদেশের ৫০টি শিশুকে নিয়ে কাজ শুরু করি। বর্তমানে আমাদের হেলথ কেয়ারে ২০ হাজার বাচ্চা ও এক লাখ শিশুকে নিয়ে ইন্টেলেকচুয়াল বিভিন্ন প্রোগ্রাম আছে। আমরা প্রধানত পটুয়াখালি, নিলফামারী ও হবিগঞ্জ এলাকায় কাজ করি।’
এহসানুল হক বলেন, ‘আমরা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছি। এফবিসিসিআই আমাদের পার্টনার হলে দেশের বাইরে আমাদের যে বিশাল নেটওয়ার্ক আছে সেটার মাধ্যমে তারাও কাজ করতে পারবে। আমরাও এসবিসিসিআইর প্রতিনিধিদের বিদেশ থেকে বিভিন্ন ফান্ড আনতে সোর্স তৈরি করে দিতে পারবো।’
ডিসিআই-এর নির্বাহী পরিচালক বলেন, দুঃস্থ শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডিসিআই। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টির লক্ষ্যে দৃঢ়প্রতিজ্ঞ আমরা।
এফবিসিসিআইস সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) বলেন, ব্যবসায়ীরা বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অনেক কার্যক্রম পরিচালনা করছে। হয়তো তারা ক্ষুদ্র পরিসরে এককভাবে সেটা করছে। এখন সুযোগ এসেছে ডিসিআইর মাধ্যমে সেটা আরও বড় আকারে করার।
এ সময় শিশুদের কল্যাণ ও জীবনগঠনে পরিচালিত এসব কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে এফবিসিসিআই নেতৃবৃন্দ।
এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিমের সঞ্চালনায় হীড বাংলাদেশসহ ব্যবসায়িক ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ আলোচনায় অংশ নেন।



