
এবারই আমার জীবনের শেষ নির্বাচন: এরশাদ
রূপসী বাংলা ডেস্ক: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় রংপুরে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রংপুর মহানগরীর কালেক্টরেট ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় সাবেক রাষ্ট্রপতিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতা-কর্মীসহ প্রায় বিশ হাজার মুসল্লি পবিত্র ঈদুল আজহার নামাজ জামাতে আদায় করেন।
নামাজ শুরুর পূর্বে রংপুরসহ পুরো দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। এসময় তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। আমি রংপুর সদর আসন থেকে নির্বাচন করব। আপনারা আমাকে ভোট দিয়ে নতুন জীবন দিয়েছেন। আমি আপনাদের ঋৃণ কোন দিনও শোধ করতে পারব না। সামনের নির্বাচনই হয়তো আমার জীবনের শেষ নির্বাচন। এজন্য আমি আপনাদের পাশে থেকে কিছু করতে চাই।
কোরবানির পশুর বর্জ্য সংরক্ষন ও অপসারণে সিটি করপোরেশনের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীসহ পরিচ্ছনতাকর্মীদের সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এছাড়াও শুভেচ্ছা জানান রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ, জেলা প্রশাসক এনামুল হাবীব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রবিউল ইসলাম। রংপুর পুলিশ লাইন ঈদগাহ মাঠে সকাল আটটায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে নগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানান নবাগত রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ।
এদিকে রংপুর সিটি করপোরেশন এলাকাসহ রংপুর বিভাগের আট জেলায় ৭ হাজার ৩৩২টি স্থানে সকাল সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি। ।



