
আটলান্টিক সিটিতে ত্যাগের মহিমায় ঈদুল আযহা উদযাপিত
রূপসী বাংলা ডেস্ক: নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ত্যাগের মহিমায় পবিএ ঈদুল আযহা উদযাপিত হয়েছে।গত একুশে অাগস্ট ,মঙ্গলবার সকালে আটলান্টিক সিটির বিভিন্ন মসজিদে প্রবাসী বাংলাদেশী মুসলিমরা ঈদের নামাজ আদায়ের জন্য সমবেত হয়।বড়দের সাথে ছোটরাও রং-বেরংয়ের পাজামা-পাঞ্জাবি পরে ঈদের জামাতে অংশ নেয়।ঈদ জামাতে বিপুল সংখ্যক মহিলার অংশগ্রহন ছিল লক্ষ্যণীয়।ঐদিন সকাল থেকেই প্রবাসী বাংলাদেশী মুসলিমরা ঈদ আনন্দে শরীক হতে নিজেদেরকে উজাড় করে দিয়েছিল, এছাড়া রৌদ্রকরোজ্জল আবহাওয়ায় এবারের ঈদ পেয়েছিল ভিন্ন এক মাত্রা।
আটলান্টিক সিটির আটলান্টিক এভেনিউস্থ বাংলাদেশী আমেরিকানদের অর্থায়নে নির্মিত ও তাদের ব্যবস্থাপনায় পরিচালিত আল হেরা মসজিদে ঈদের জামাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী মুসলিম অংশ নেয়।মসজিদের ভেতর স্থান সংকুলান না হওয়ায় মসজিদের বাইরে পার্কিং লটেও নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী মুসলিম মহিলাও ঈদের জামাতে অংশ নেয়।ঈদের নামাজ আদায় শেষে খুৎবা প্রদান করা হয়,দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি,সুখ-সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।আল হেরা মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মওলানা ডঃ মোঃ রুহুল আমিন ঈদের জামাতে ইমামতি করেন।
আল হেরা মসজিদের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ওবায়ুদুল্লাহ চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য মওলানা ইলিয়াস, উপদেষ্টা কমিটির সদস্য মোঃ সেলিম, সৈয়দ মোঃ কাউসার, আজিজুল ইসলাম ফেরদৌস,সভাপতি জসীমউদদীন, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম সোহাগ, নির্বাহী কমিটির সদস্য মওলানা আতিক, মোঃ দিদার প্রমুখের সার্বিক সহযোগীতায় ঈদ জামাতের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
আটলান্টিক সিটির নিউইয়র্ক এভিনিউস্থ আরমোরি ভবনে আল তাকওয়া মসজিদের ব্যবস্থাপনায় আরেকটি বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।এখানকার ঈদ জামাতেও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী মুসলিম অংশগ্রহন করে,মহিলাদের অংশগ্রহনও ছিল উল্লেখযোগ্য। এখানে ঈদ জামাতের পূর্বে নিউজারসি রাজ্য সিনেটর ও ইউএস কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ভ্যান ড্রিউ মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে প্রোক্লেমেশন হস্তান্তর করেন। এছাড়া আলবেনী এভিনিউর মসজিদ মোহাম্মদ এ ঈদের জামাতে প্রবাসী বাংলাদেশী মুসলিমরা অংশগ্রহন করে।
তাছাড়া আটলান্টিক সিটি সংলগ্ন এগ হারবার টাউনশীপ, এবসিকন, গ্যালাওয়ে,নর্থফিল্ড সহ অন্যান্য শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশী মুসলিমরা তাদের সুবিধাজনক স্থানে অবস্থিত মসজিদে ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিরা পরস্পরের সাথে কোলাকুলি করেন ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।ঈদের নামাজ আদায় শেষে তাঁরা কোরবানীর পশু জবাইয়ে ব্যস্ত হয়ে পড়েন।
কোরবানীর পশু জবাই শেষে প্রবাসীরা মোবাইলে,স্ক্যাইপ এ দেশে-বিদেশে আত্মীয়-স্বজন ও বন্ধু- বান্ধবদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।এরপর ব্যস্ত হয়ে পড়েন অতিথি আপ্যায়নে।কেউ কেউ পরিবার-পরিজন নিয়ে বেরিয়ে যান লং ড্রাইভে।অনেকে বিভিন্ন ধরনের ‘ঈদ আনন্দ’ অনুষ্ঠানের আয়োজন করে। প্রবাসীরা বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাঞ্চণ বল,সভাপতি শহীদ খান ও সাধারন সম্পাদক মোঃ সোহেল আহমেদ, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক নুরুন্নবি চৌধুরী শামীম, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী পবিএ ঈদুল আযহা উপলক্ষে দেশের ও প্রবাসের বাংলাদেশীদের ঈদুল আযহার শুভেচ্ছা জানান।তাঁরা আশা প্রকাশ করেন,পবিএ ঈদুল আযহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বাংলাদেশীদের সমাজ জীবনে হিংসা-বিদ্বেষের অবসান ঘটবে, পারস্পরিক সহমর্মিতা,সহানুভূতি, এবং সকলের সঙ্গে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের সুসম্পর্ক গড়ে উঠবে, সুদৃঢ় হবে সাম্প্রদায়িক সম্প্রীতি।নেতৃবৃন্দ বাংলাদেশীদের উত্তরোত্তর সুখ-সমৃদ্ধি কামনা করেন।






