
এবার আ.লীগ নেতাকে কুপিয়ে হাসপাতালে পাঠালো এমপির সেই সন্ত্রাসীরা
রূপসী বাংলা ডেস্ক:৫ কাউন্সিলরকে এলাকা ছাড়া করার পর এবার এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হাসপাতালে পাঠালো স্থানীয় সন্ত্রাসী কালা মনিরের সহযোগী সন্ত্রাসীরা। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে।
আজ শনিবার সন্ধ্যায় ইউনিয়নর কেঞ্জাতলির দোকান থেকে জহুরানের নিজ বাড়িতে যাওয়ার সময় এমপি মিতার ক্যাডার কালা মনিরের সহযোগী হাসান, কবির, রাজুসহ ৭ থেকে ৮ জনের একটি সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ নেতা আনোয়ারের ওপর আক্রমণ করেন। উপজেলার সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে মাথার তিনটি স্থানে ক্ষত সৃষ্টি হয়। সন্ত্রাসীদের কোপ খেয়ে চিৎকার শুরু করলে তাঁর বাড়ির লোকজনসহ আশপাশের মানুষ ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ওই সময় দ্রুত তাকে চিকিৎসার জন্য সন্দ্বীপের বেসরকারি মেডিক্যাল সেন্টাওে ভর্তি করানো হয়। সেখানে ১০ থেকে ১২টি সেলাই দেওয়া হয় তাঁর মাথায়। তাঁর জরুরি চিকিৎসা দেন ডা. ফজলুল করিম। সন্ত্রাসীদের আনোয়ার হোসেনের পরিবার থানায় মামলা করতেও ভয় পাচ্ছেন
অভিযোগ উঠেছে, কালা মনির হচ্ছে স্থানীয় এমপি মাফুজুর রহমান মিতার অন্যতম ক্যাডার। হত্যাসহ একাধিক মামলার আসামি কালা মনিরসহ সন্ত্রাসীরা ১১ মার্চ সন্দ্বীপ পৌর সভার ৫ কাউন্সিলরের বাড়িতে হামলা করে এলাকা ছাড়া করে।।আর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনও স্থানীয় এমপি মিতার প্রতিপক্ষ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান (বিএ) সমর্থক নেতা। এর আগে রহমতপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে আনোয়ার হোসেনকে সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর আহত করেন। ওই সময় সন্ত্রাসীরা তাঁর কাছ থেকে টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
আনোয়ার হোসেনের স্ত্রী রিনা আক্তার কালের কণ্ঠকে বলেন, কোনো কারণ ছাড়াই আমার স্বামীকে মেরে ফেলতে চেয়েছে সন্ত্রাসীরা। আমার স্বামীর কি দোষ সেটাও আমরা জানি না। মাথার তিনটি স্থানে কুপিয়ে অনেক জখম করে ফেলেছে। ডাক্তার বলেছে, অনেকদিন বিশ্রামে থাকতে। আর একটু বেশি কোপ লাগলে নাকি মাথার মগজ বেড়িয়ে যেতো।
আনোয়ার হোসেনের স্ত্রী রিনা আক্তার কাদঁতে কাদঁতে বলেন, আমার স্বামী কাঠমিস্ত্রী, এই কাজ করেই সংসার চালাই। তাঁর পরিবারের সবাই আওয়ামী লীগ করে। আর এই দল করার কারণেই কি এমন মার খেতে হলো। আল্লাহ যেন ওদের বিচার করে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান খান কালের কণ্ঠকে বলেন, আনোয়ার হোসেন সুকানী ও তাঁর পরিবার ২৫ বছর ধরে আওয়ামী লীগ করে। তাকে কুপিয়ে আহত করার খবর পেয়ে দ্রুত থাকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। ক্ষত স্থানে অনেকগুলো সেলাই পড়েছে। অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছে।
রহমতপুর আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ- উপজেলায় আওয়ামী লীগের দ্বন্দ্বের কারণে স্থানীয় আওয়ামী লীগের প্রকৃত নেতারা নির্যাতনের শিকার হচ্ছে সন্ত্রাসীদের দ্বারা। এমপি মিতার ক্যাডার কালা মনিরের প্রশ্রয় পেয়ে হাসান, রাজু ও কবিরসহ কিছু সন্ত্রাসী ইউনিয়নটিকে জিম্মি করে রেখেছে। তারা মেয়েদের ইভটিজিং থেকে শুরু করে নানাভাবে অত্যাচার করে যাচ্ছে।
উৎসঃ কালের কন্ঠ



