প্রধান খবরবাংলাদেশ

এমপিরা গাড়িতে পতাকা ও ‘সংসদ সদস্য’ স্টিকার ব্যবহার করতে পারবেন না

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মন্ত্রীদের গাড়ির পতাকা নামিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, এমপিরা গাড়িতে ‘সংসদ সদস্য’ স্টিকার ব্যবহার করে নির্বাচনি এলাকায় ঘুরতে ও প্রচারণা চালাতে পারবেন না।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ইসির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন।

পতাকাসহ গাড়ি নিয়ে মন্ত্রী-এমপিরা মনোনয়নপত্র জমা দিতে যেতে পারবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, না, পারবেন না।  কেউ নির্বাচনে অংশ নেওয়ার জন্য নিজ এলাকায় গেলে পতাকা নামিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে হবে।

ইসি সচিব আরও বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শোডাউন বা সভা সমাবেশ করা যাবে না।  কেউ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নির্বাচনি কাজে হেলিকপ্টার ব্যবহার করা যাবে না।  নির্বাচনি কাজে যাতায়াতে শুধু দলীয় প্রধানরা হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন।  তবে হেলিকপ্টার থেকে লিফলেট ফেলতে পারবেন না।

যারা এসব লঙ্ঘন করে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সচিব।

ইসি সচিব বলেন, বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।  রিটার্নিং কর্মকর্তা বা সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় ৫-৭ জনের বেশি লোকবল নেওয়া যাবে না।  একইসঙ্গে কোনও মিছিল বা শোডাউন করা যাবে না। এর ব্যত্যয় হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হেলালুদ্দীন আহমদ বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় কোনও ধরনের শোডাউন, মিছিল বা মশাল মিছিল করা যাবে না।  প্রার্থীরা প্রচার কাজ চালাতে পারবেন প্রতীক বরাদ্দের পর অর্থাৎ আগামী ১০ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক প্রচারণা চালাতে পারবেন। এর আগে কেউ কোনও ধরনের প্রচার চালাতে পারবেন না।  এক্ষেত্রে মিছিল, মশাল মিছিল, মটর সাইকেল, ট্রাক-বাসসহ কোনও যানবাহন সহকারে মিছিল বা মশাল মিছিল বা শোডাউন করতে পারবে না।  আমরা রিটার্নিং কর্মকর্তাকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছি।  কারও বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি ভঙ্গের প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ৩টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করছেন, তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটি আদালতের বিষয়।  এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension