
শেষ রাতে গলিটার মোড়ে, সব তারা ঘুমালো যখন
শরীরে শিশির মেখে ফুটতে অধীর হলো মল্লিকা বন।
যখন কলমও থেমেছে কবির চোখেতে ঘুম বৃষ্টির মফস্বলে
মেট্রোর শহর বুঝি, ডুবেছিল স্বভাবজনিত কোলাহলে।
পিষে দিল আধফোটা ফুল অজ্ঞাত শ্বাপদের ভিড়
সব আলো নিভলো হঠাৎ, হলো সভ্যতা মূক ও বধির।
হলো লজ্জিত মানবতা, লজ্জিত পৃথিবীর মুখ
হাহাকারে নীল হলো, লক্ষটা জননীর বুক।
তবু জানি ভোর হবে
আলো হয়ে নির্ভয়া তুমি ফিরবেই
ক্ষমা নেই, এ পাপের কোনো ক্ষমা নেই।
স্ফুলিঙ্গ হয়ে ফিরে এসো তুমি ওড়াতে নিশান এই জমিতেই
ভালো নেই তিলোত্তমা, তুমি ছাড়া, এ শহরের মন ভালো নেই।



