
ওয়াশিংটন ডিসির মেয়র ২৬ মার্চকে ‘বাংলাদেশ ডে’ ঘোষণা দিলেন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ লেখা ঘোষণাপত্রে মেয়র বাউজার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের কথা উল্লেখ করেছেন।
ঘোষণাপত্রে বলা হয়, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা রচনার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্যগতিতে এগিয়ে চলছে।”
ওয়াশিংটন ডিসির অগ্রগতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে বাংলাদেশ দূতাবাসের অবদানের কথা ঘোষণাপত্রে উল্লেখ করেন মেয়র মুরিয়েল বাউজার।
এর আগে জাতির পিতার জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জর্জিয়া, নিউ জার্সি, নিউ হ্যাম্পশায়ার ও নিউ ইয়র্ক স্টেট পার্লামেন্ট এবং বিভিন্ন রাজ্যের গভর্নররা বাংলাদেশ সরকার ও দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে রেজুলেশন গ্রহণ করে।❐



