প্রধান খবরযুক্তরাষ্ট্র

ওয়াশিংটনের পর এবার ফিলাডেলফিয়ায় বিমান ভেঙে বিপত্তি

ওয়াশিংটন ডিসির বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মর্মান্তির দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে। আমেরিকার ফিলাডেলফিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছয়জন আরোহী নিয়ে বিমানটি উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় জ্বলন্ত অবস্থায় ভেঙে পড়ে বেশ কয়েকটি ভবন এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনার জেরে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে খবর। মেডিকেল বিমান সংস্থা জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স, রয়টার্স এবং অন্যান্য মার্কিন মিডিয়াকে জানিয়েছে- জেটটি একটি মেডিকেল পরিবহন মিশনে ছিল। এতে চার ক্রু, একজন শিশু রোগী এবং রোগীর পরিবারের সদস্য ছিল।

পেনসিলভানিয়া গভর্নর জোশ শাপিরো সংবাদ সম্মেলনে এই দুর্ঘটনাকে ‘ভয়াবহ বিমান বিপর্যয়’ বলে অভিহিত করেছেন। বিমান দুর্ঘটনার পরপরই জরুরি ব্যবস্থাপনা অফিস থেকে এক্স-এ লেখা হয়, ‘রুজভেল্ট মলের বিপরীতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার কটম্যান এবং বুস্টেলটন অ্যাভিনিউয়ের কাছে বড় ঘটনা ঘটেছে। রুজভেল্ট বুলেভার্ডের কিছু অংশসহ এলাকার রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। আপতত সেই এলাকা এড়িয়ে চলুন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সারি সারি বাড়ির কাছে বিমানটি বিধ্বস্ত হয়ে পড়েছে। বেশ কয়েকজন দমকল কর্মী ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট FlightAware-এর তথ্য অনুসারে, প্লেনটি মেড জেটস নামে একটি কোম্পানি দ্বারা তৈরি এবং ফ্লোরিডা থেকে ফিলাডেলফিয়ায় চার ঘণ্টারও কম আগে পৌঁছেছিল।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) অনুসারে বিমানটি, একটি Learjet 55, উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৬:৩০টায় উড্ডয়ন করে এবং চার মাইল (৬.৪ কিমি) দূরে বিধ্বস্ত হয়।

এফএএ এক বিবৃতিতে বলেছে যে, ফ্লাইটটি মিসৌরির স্প্রিংফিল্ড-ব্র্যানসন জাতীয় বিমানবন্দরে যাচ্ছিল। প্রথমে, সংস্থাটি বলেছিল যে বিমানটিতে দু’জন লোক ছিল কিন্তু পরে তা সংশোধন করে বলা হয় সেখানে ছয় জন ছিল।

এই দুর্ঘটনা প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা রায়ান তিয়ান ( ২৩), ফিলাডেলফিয়া ইনকোয়ারারকে জানান, তিনি প্রথমে বিকট শব্দ শুনতে পান এবং তার গোটা বাড়ি কেঁপে ওঠে। তার কথায়, ‘বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটেছিল, তাই এক সেকেন্ডের জন্য আমি ভেবেছিলাম যে কোনও হামলা হয়েছে কি না।’

সূত্র: বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension