
কংগ্রেসের ‘ক্রাইসিস ম্যানেজার’: প্রণব মুখার্জি থেকে প্রিয়াঙ্কা গান্ধী!
ভারতের জাতীয় কংগ্রেসের ‘ক্রাইসিস ম্যানেজার’ হিসেবে পরিচিত ছিলেন দেশটির প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। দলের সংকট ঠাণ্ডা মাথায় মোকাবেলা করতে খ্যাতি ছিল বর্ষীয়ান এ রাজনীতিকের। নেতাদের মধ্যে বিভেদ ও মতানৈক্য দূর করার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখতেন। এবার প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা গেল সেই ভূমিকায়।
ভারতের পাঞ্জাব রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যটির নেতাদের সঙ্গে বৈঠক করে চলেছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। এরই অংশ হিসেবে গতকাল বুধবার প্রিয়াঙ্কা গান্ধী ওই রাজ্যের নেতা নভোজিৎ সিং সিধুর সঙ্গে বৈঠক করেন। সাবেক ক্রিকেটার সিধু এক সময় বিজেপির রাজনীতি করতেন।
কিন্তু আগের দিন (মঙ্গলবার) সাংবাদিকরা জিজ্ঞেস করলে সিধুর সঙ্গে প্রিয়াঙ্কার বৈঠকের বিষয়ে ‘না’ সূচক উত্তর দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (প্রিয়াঙ্কার বড় ভাই)। পরে সিধু টুইটারে ছবি প্রকাশ করে প্রমান দেখান যে, তিনি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন। প্রশ্ন হলো, সিধু কি রাহুলের সঙ্গে বৈঠক করতে চাননি? এবার জানা গেলো, রাহুলেরই সম্মতি ছিলো না সিধুর সঙ্গে বৈঠক করার। শেষতক প্রিয়াঙ্কার মধ্যস্থতায় বৃহস্পতিবার তাদের বৈঠক হয়। ৪৫ মিনিট ধরে চলে ওই বৈঠক।
এনডিটিভি



