
কংগ্রেসের মূল চার ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত
ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের আগমুহূর্তে কংগ্রেসের মূল চারটি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে বলে অভিযোগ তুলেছে দলটি। কংগ্রেস জানায়, দলটির যুব উইংসহ চারটি শাখা সংগঠনের ব্যাংক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দিয়েছে আয়কর বিভাগ। কংগ্রেসের বিরুদ্ধে থাকা ২১০ কোটি রুপি কর ফাঁকির অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে আয়কর বিভাগ। গতকাল শুক্রবার কংগ্রেসের ট্রেজারার অজয় মাকেন সংবাদ সম্মেলন করে ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্তের তথ্য জানান।
অজয় গতকাল বলেন, ‘লোকসভা ভোটের আগে পরিকল্পিতভাবে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনা গণতান্ত্রিকব্যবস্থার ওপর জঘন্য আঘাত।’ তাঁর অভিযোগ, যুব কংগ্রেসসহ শাখা সংগঠনগুলোর কাছে আয়কর রিটার্ন সংক্রান্ত অনিয়মের অভিযোগে ২১০ কোটি টাকা জরিমানার দাবি জানানো হয়েছিল। বিষয়টি এখন আয়কর ‘অ্যাপিল ট্রাইব্যুনাল’-এর বিচারাধীন।
এর মধ্যেই বেআইনিভাবে পদক্ষেপ করেছে আয়কর দপ্তর। কংগ্রেসের সংসদ সদস্য এবং বিধায়করা তাঁদের ভাতার যে অংশ দলীয় তহবিলে দিতেন, ‘ফ্রিজ’ করা অ্যাকাউন্টগুলোতে তা রাখা রয়েছে বলে দাবি অজয়ের। তিনি বলেন, ‘আমাদের কাছে কোন সংসদ সদস্য ও বিধায়ক কত টাকা দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে। তা-ও অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো।
’
তিনি আরো বলেন, ‘এক রুপিও খরচের মতো অবস্থা নেই। ইলেকট্রিক বিল, দলীয় কর্মীদের বেতন, কিছুই দেওয়া যাচ্ছে না। শুধু ন্যায় যাত্রা নয়, দলের সব কাজে এর প্রভাব পড়বে।’এদিকে ট্যাক্স ট্রাইব্যুনাল জানিয়েছে, অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই কংগ্রেসের। মাকেনের সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টার মধ্যেই গণমাধ্যমেও জানানো হয়, আইটিএটি জব্দ করা ব্যাংক হিসাবগুলো খুলে দিয়েছে।
কংগ্রেসের আইনজীবী বিবেক তনখা বলেন, ‘আপাতত হিসাবগুলোতে লেনদেন করা যাবে। ট্রাইব্যুনাল আগামী বুধবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
সূত্র: হিন্দুস্তান টাইমস



