
প্রধান খবরবাংলাদেশ
কতজন চিকিৎসক বাংলাদেশে সক্রিয় তার কোনও তথ্য সরকারের কাছে নেই!
রূপসী বাংলা ঢাকা ডেস্কচ রিপোর্ট: বাংলাদেশে কতজন চিকিৎসক (নিবন্ধিত) সক্রিয়- এর তথ্য নেই সরকারের কাছে। এ তথ্য বের করার প্রয়োজনীয়তা কখনও অনুভব বা উদ্যোগ গ্রহণ করা হয় নি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের কিছু কর্মকর্তার সঙ্গে কথা বলে ওই তথ্য-ঘাটতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তবে তথ্যটি নেই জেনে কোনও কোনও কর্মকর্তা-সিনিয়র চিকিৎসক বিস্ময় প্রকাশ করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এবিএম আবদুল্লাহ এ বিষয়ে বললেন, এমন তো হওয়ার কথা নয়। বিএমডিসির (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) কাছে তো থাকার কথা।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের কাছ থেকে পাওয়া যায় অনুমাননির্ভর তথ্য। চিকিৎসক ও নার্সের অনুপাত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আসলে দেশে কতজন চিকিৎসক সক্রিয় আছেন, তা বলা যাচ্ছে না। আনুমানিক ৬০-৬৫ হাজারের মতো আছে।
বাংলাদেশের চিকিৎসকদের নিবন্ধন দিয়ে থাকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। প্রতিষ্ঠানটির কাছেও তথ্যটি নেই। তবে স্বাধীনতা-পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত নিবন্ধিত চিকিৎসকের তথ্য পাওয়া গেছে। এই সংখ্যা- ৯৫ হাজার ৫০০। এরমধ্যে এমবিবিএস ৮৭ হাজার ৫০০, বিডিএস ৮ হাজার। তাদের অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে বিদেশে স্থায়ী হয়েছেন, অনেকে বার্ধক্যজনিত কারণে, দুর্ঘটনার কবলে পড়ে বা অন্য কারণে পেশা থেকে বিরত আছেন।
অধ্যাপক এবিএম আবদুল্লাহ এক প্রশ্নের জবাবে বলেন, অবশ্যই এ তথ্য থাকা দরকার। না হলে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করা হবে কীভাবে?
রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র (আইইডিসিআর) এর প্রাক্তন পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক মাহমুদুর রহমান আরেক প্রশ্নের জবাবে বিস্ময় প্রকাশ করে বলেন, এ তথ্য না জানলে কীভাবে সঠিক পরিকল্পনা প্রণয়ন করব। সঠিক পরিকল্পনা প্রণয়ন ছাড়া কার্যকর পদক্ষেপ গ্রহণ কোনভাবেই সম্ভব নয়। আমি যদি না জানি, দেশের মোট চিকিৎসক কত, কোন্ এলাকায় চিকিৎসকের সংখ্যা কত, কোথায় মাত্রাতিরিক্ত চিকিৎসক, কোথায় নেই বা কম- তাহলে কাজ করব কীভাবে!



