
কনসাল জেনারেল শামীম আহসানের বিদায়ী সংবর্ধনা
রূপসী বাংলা ডেস্ক:প্রবাসীদের আন্তরিক ভালবাসায় সিক্ত হলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত নিউইয়র্কে বাংলাদেশের বিদায়ী কনসাল জেনারেল মো. শামীম আহসান। গত ১৫ মে মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট মিলনায়তনে কনসাল জেনারেল মো. শামীম আহসানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।বর্ণাঢ্য এ সংবর্ধনায় বিভিন্ন দেশের কূটনীতিক, কনস্যুলেট ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তা, কমিউনিটি নেতবৃন্দসহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।
অনুষ্ঠানে কনসাল জেনারেল মো. শামীম আহসান, তার সহধর্মিনী পেন্ডোরা চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল, ইউএস স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা, মুলধারার প্রতিনিধি সহ বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সদ্য পদোন্নতি প্রাপ্ত নাইজিরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসানকে ফুলেল শুভেচ্ছা জানান প্রবাসীরা। অনেকটা ভাবগম্ভীর পরিবেশে কনসাল জেনারেল মো. শামীম আহসান তার বক্তব্যে বাংলাদেশের দ্রুত এগিয়ে যাওয়ার পেছনে প্রবাসীদের বলিষ্ঠ ভূমিকার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
প্রবাসীদের প্রশংসা করে কনসাল জেনারেল বলেন, সর্বস্তরের প্রবাসীদের আন্তরিক সহযোগিতাই তার কাজকে সহজ করে দিয়েছে। প্রবাসীদের এ আন্তরিক সহযোগিতা ও ভালবাসা সবসময় তার প্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা নিউইয়র্কে কনসাল জেনারেল মো. শামীম আহসানের সেবাধর্মী ব্যতিক্রমী নানা কার্যক্রম মাইল ফলক হয়ে থাকবে বলে উল্লেখ করেন। তারা কনসাল জেনারেলকে একজন সফল কূটনীতিক হিসেবে উল্লেখ করে তার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন ও আন্তরিক ধন্যবাদ জানান। আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনাটি শেষ হয়।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার পেশাদার কূটনীতিক ও লেখক বিদায়ী কনসাল জেনারেল মো. শামীম আহসানকে পদোন্নতি দিয়ে নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসাবে নিয়োগ দিয়েছে। আগামী মাসে তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।
আরো উল্লেখ্য যে, নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে নতুন কনসাল জেনারেল হিসাবে যোগ দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সাদিয়া ফয়জুন্নেছা। তিনি বর্তমান কনসাল জেনারেল মো. শামীম আহসানের স্থলাভিষিক্ত হচ্ছেন। সাদিয়া ফয়েজুন্নেছা ২০১৫ সালে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে উপস্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছিলেন।



