ভারত

কলকাতায় মা দুগ্গাকে কাছে পেতে আসছে রাহুল

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: কয়েকদিন আগে মানস সরোবরের সৌন্দর্য উপভোগ করে ফিরেছেন। কৌতুক করে অনেকে বলেছিলেন, দেবাদিদেব মহাদেবের সঙ্গে দেখা করেই ফিরলেন সোনিয়া তনয়। এবার তাঁর ইচ্ছে কলকাতার দুর্গাপুজো দেখা। মা দুগ্গাকে একটু কাছে পাওয়া। তাই মহাঅষ্টমীর দিন কলকাতায় আসছেন সোনিয়া পুত্র তথা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শুধু আসছেনই অষ্টমীতে অঞ্জলিও দেবেন তিনি।

বাংলার কংগ্রেসে বড়সড় রদবদল হওয়ার পর শনিবার প্রথম নতুন কমিটিকে নিয়ে বৈঠকে বসেছিলেন রাহুল। দিল্লিতে এই বৈঠক হয়েছে। লোকসভা নির্বাচনের আগে কিভাবে দলের দুর্বল সংগঠনকে শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা করতেই মূলত এই বৈঠক ডাকা হয়েছিল। সেখানে সোমেন মিত্র ও অধীর চৌধুরী, প্রাক্তন ও বর্তমান দুই প্রদেশ সভাপতিই ছিলেন। এছাড়াও নতুন কমিটির চার জন কার্যকরী সভাপতি ছাড়াও বাকি সদস্যরাও ছিলেন।

এই বৈঠকেই রাহুলকে দুর্গাপুজোয় আসার আমন্ত্রণ জানায় প্রদেশ নেতৃত্ব। জানা গিয়েছে রাহুল তাতে রাজি হয়েছেন এবং ১৭ অক্টোবর অষ্টমীর দিন আসতে চেয়েছেন। প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপে দলের সভাপতির অঞ্জলি দেওয়ার ব্যবস্হা করা হচ্ছে।বৈঠক শেষে সোমেন মিত্র জানিয়েছেন, দুর্গাপুজোর পর রাহুল গান্ধী ফের কলকাতায় আসবেন। নতুন কমিটির সঙ্গে এবং কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। জানা গিয়েছে, নেতাজি ইনডোর স্টেডিয়ামে কর্মীসভার আয়োজন করতে পারে প্রদেশ কংগ্রেস।

এদিনের বৈঠক প্রসঙ্গে প্রদেশ সভাপতি বলেন, রাহুল গান্ধী কংগ্রেসকে নিজের পায়ে দাঁড়ানোর কথা বলেছেন। সূত্রের খবর, সোমেন মিত্রের টিমও লোকসভায় একলা লড়াই এর কথা বলেছে। উল্লেখ্য, কয়েকমাস আগে অর্থাৎ অধীর চৌধুরীর সময় দিল্লিতে প্রদেশ নেতারা জোট নিয়ে আড়াআড়ি বিভক্ত হয়ে গিয়েছিলেন। এক পক্ষ সিপিএমের সঙ্গে আর এক পক্ষ তৃণমূলের সঙ্গে জোট চেয়েছিল। সোমেন মিত্র এদিন বলেন, রাহুল গান্ধী আমাদের বলেছেন জোট নিয়ে আমরা যা সিদ্ধান্ত নেব সেটাই উনি মেনে নেবেন।

আরো একটা উল্লেখযোগ্য বিষয়, সোমেন মিত্র প্রদেশ সভাপতি হওয়ার পর এদিন প্রথম অধীর চৌধুরীর সঙ্গে তার কথা হয়েছে। রাহুল গান্ধী দুজনকেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। খুব শীঘ্রই প্রাক্তন প্রদেশ সভাপতি নতুন সভাপতিকে দায়িত্ব হস্তান্তর করতে বিধানভবনে আসবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension