খেলা

হার দিয়েই অভিযান শুরু এটিকে’র

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মরশুম বদলালেও বদলালো না চিত্রটা। চতুর্থ সংস্করণে হতাশাজনক পারফরম্যান্সের পর হার দিয়েই পঞ্চম আইএসএল অভিযান শুরু করল এটিকে। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে ০-২ গোলে হেরে বসল কলকাতার দলটি। ২০১৪ সালের পর দ্বিতীয়বারের জন্য কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হল দুবারের চ্যাম্পিয়ন এটিকে।

গত মরশুমে নবম স্থানে শেষ করার পর স্টিভ কপেলের প্রশিক্ষণে চলতি মরশুমে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল কলকাতার দলটি। কিন্তু প্রথম ম্যাচে একেবারেই হতাশ করল কপেলের ছেলেরা। উল্টোদিকে গত মরশুমে ষষ্ঠ স্থানে শেষ করার পর ডেভিড জেমসের প্রশিক্ষণে চলতি মরশুমে দারুন শুরু কেরালা ব্লাস্টার্সের।

গোটা প্রথমার্ধ জুড়ে এদিন এটিকে রক্ষণে হানা দিয়েও গোলের খাতা খুলতে পারেনি কেরালার ফ্র্যাঞ্চাইজি দলটি। পক্ষান্তরে অনেক বেশি রক্ষণাত্মক ছিল স্টিভ কপেলের ছেলেরা। জন জনসন, গেরসন ভিয়েরাদের ব্যস্ত রাখলেন কেরালার আক্রমণভাগের ফুটবলাররা। যদিও ম্যাচের সুবর্ণ সুযোগটি প্রথমার্ধেই আদায় করে নিয়েছিল এটিকে। কিন্তু ম্যাচের ৩৯ মিনিটে সেই সুযোগ থেকে গোল করতে ব্যর্থ হন জয়েশ রানে। এর আগে ১৫ মিনিটে এটিকে অধিনায়ক ল্যাঞ্জারোতের একটি দুরন্ত প্রয়াস রুখে দেন কেরালার দুর্গের শেষ প্রহরী ধীরজ সিং। মরশুমের প্রথম ম্যাচ হওয়ায় দুটি দলকেই বেশ অগোছালো দেখায় প্রথমার্ধে। গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে এটিকে সম্পর্কে তেমন বলার কিছু না থাকলেও কাজের কাজটি করে যায় কেরালা। ৭৭ মিনিটে স্লোভেনিয়ান পপলাৎনিকের সুযোগ সন্ধানী গোলে ম্যাচে প্রথমবারের জন্য এগিয়ে যায় কেরালা। স্তোজানোভিচের গোলমুখী শট ভিয়েরা প্রতিহত করলে ফিরতি বল অরিন্দমকে পরাস্ত করে গোলে রাখেন পপলাৎনিক।

এটিকে’র হতাশা বাড়িয়ে ৮৬ মিনিটে কফিনে দ্বিতীয় পেরেকটি পুঁতে দেন স্তোজানোভিচ। হোলিচরন নার্জারির লং বল নিজের দখলে রেখে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ফলস্বরূপ ২-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয় কপেলের ছেলেদের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension