
কীসের সন্ধানে কেদারনাথে, নিজেই জানালেন মোদী
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম মন কি বাতে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলাফল বেরনোর আগে কেন তিনি কেদারনাথে গিয়েছিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন মোদী।
৩০ জুন ৫৪তম এপিসোড নিয়ে নরেন্দ্র মোদী ফের একবার শুরু করলেন ‘মন কি বাত’। ৩০ মে দিল্লির রাইসিনা হিলসে সপারিষদ শপথের পর জুনের শেষ রবিবারের জন্যই অপেক্ষা করছিলেন তিনি। ফিরে এসেই শ্রোতামণ্ডলীর উদ্দেশে বলেন, “যখন এটা (মন কি বাত) শেষ হয়ে যাচ্ছিল, আমি আপনাদের বলেছিলাম ৩-৪ মাসের মধ্যেই সাক্ষাৎ হবে। এই আত্মবিশ্বাস মোদীর ছিল না। এটা নিশ্চিতভাবেই আপনাদের বিশ্বাস। সত্যি বলছি, আমি ফিরে আসিনি, আপনারাই আমাকে ফিরিয়ে নিয়ে এলেন।”
এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, অনেকেই তাঁকে প্রশ্ন করেন, তিনি ভোটের মাঝে কেন কেদারনাথ, বদ্রিনাথ গিয়েছিলন? যার উত্তরে এদিন নরেন্দ্র মোদী বলেন, তাঁর কেদারনাথ ও বদ্রীনাথ দর্শনকে অনেকেই রাজনৈতিকভাবে ব্যাখ্যা করেছে। তবে ‘আত্মানুসন্ধান’ করতেই তিনি সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত, ফেব্রুয়ারিতেই শেষবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর ভোটের প্রচার, দ্বিতীয়বার একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় ফেরা এবং শপথ গ্রহণ, মাঝে কেটে গিয়েছে ৪ মাস। মার্চ, এপ্রিল, মে পেরিয়ে জুনের শেষ রবিবারে মোদি ফিরলেন ‘মন কি বাত টু’ নিয়ে।



