
ক্যালিফোর্নিয়ায় দাবানলে রেকর্ড ২০ লাখ একরেরও বেশী ভূমি পুড়ে গেছে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এবারের দাবানলে দাবানলে রেকর্ড ২০ লাখ একরেরও বেশী বনভূমি পুড়ে গেছে। এছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাসস্থান হারা হয়েছেন অনেকে। অঙ্গরাজ্যটির অগ্নি নির্বাপক বিভাগ এ তথ্য জানিয়েছে।
গেল মাসের মাঝামাঝিতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের কয়েকশ’টি স্থানে ব্যাপক আকারে দাবানল ছড়িয়ে পড়ে। এতে রাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নি। বিভিন্ন জায়গায় আগুন নেভানোর কাজে সোমবারও ব্যস্ত ছিলেন ১৪ হাজার ১০০ অগ্নি নির্বাপককর্মী।
দাবানলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি নির্বাপক বিভাগের মুখপাত্র লিন টোলমাকোফ বলেন, ‘গত ৩৩ বছরের ইতিহাসে এক বছরের মধ্যে ২০ লাখ একর ভূমি পুড়েছে এমনটা আমরা আগে দেখি নি।’
‘এটা নিশ্চিতভাবে রেকর্ড ভাঙা নজির। এখনও পর্যন্ত দাবানলের মৌসুম শেষ হয় নি।’
কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর দাবানলে ক্যালিফোর্নিয়ায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে প্রায় ৩ হাজার ৮০০ স্থাপনা।
এর আগে ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ায় দাবানলে দুই লাখের কাছাকাছি বনভূমি পুড়েছিল।❐



