আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে সৌদি বাদশাহর ‘সুষ্ঠু’ ফিলিস্তিনি সমাধানের আহ্বান

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার চুক্তির পর থেকে ফিলিস্তিন ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে। বেশীরভাগ আরব ও ইসলামি দেশ কড়া সমালোচনা করে এই চুক্তিকে ‘বিশ্বাসঘাতকতা’ বলেছে।

এতদিন সৌদি আরব চুপ থাকলেও এবার দেশটির বাদশা সালমান বিন আবদুল আজিজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

সোমবার আল জাজিরা এক খবরে জানিয়েছে, ফোনালাপে সৌদি বাদশাহ বলেছেন, গালফ্‌ দেশগুলো ২০০২ সালের আরব শান্তি উদ্যোগের আলোকে ফিলিস্তিন সংকটের ন্যায্য ও স্থায়ী সমাধান দেখতে চায়।

১৯৭৯ সালে মিসর ও ১৯৯৪ সালে জর্ডানের পর তৃতীয় আরব রাষ্ট্র হিসেবে গত ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত। এরপর দুই দেশের মধ্যে টেলিফোন ও সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে বিমান যোগাযোগ চালু হয়।

ট্রাম্পকে বাদশা সালমান বলেন, ‘শান্তির জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগ প্রশংসনীয়। তবে আমরা ফিলিস্তিন ইস্যুতে ন্যায্য ও স্থায়ী সমাধান চাই, যার ভিত্তি হলো আরব শান্তি উদ্যোগ।’

আরব শান্তি উদ্যোগের আওতায় ফিলিস্তিনিদের সঙ্গে রাষ্ট্রীয় চুক্তি এবং ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর দখল করা অঞ্চল থেকে ইসরায়েল নিজেদের পুরোপুরি প্রত্যাহার করলে, বিনিময়ে আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে।

ইসলামের জন্মভূমি ও অসংখ্য পবিত্র স্থানের সৌদি আরব এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয় নি। যদিও চলতি মাসে দেশটি তাদের আকাশসীমা ব্যবহারের সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের বিমান চলাচলে অনুমতি দিয়েছে।

হোয়াইট হাউজের এক মুখপাত্র জানান, ফোনালাপে ট্রাম্প বাদশাহ সালমানের সিদ্ধান্তকে স্বাগত জানান এবং পরে তারা আঞ্চলিক সুরক্ষা নিয়ে আলোচনা করেন। ট্রাম্প পারস্য উপসাগরীয় অন্যান্য আরব দেশের সঙ্গে ইসরায়েলের বিরোধ নিরসনে সৌদি আরবকে মধ্যস্থতা করারও অনুরোধ জানান।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের শীর্ষ দুই নেতা আলোচনার মধ্যেই ইসরায়েলবিরোধী অবস্থান জোরালো করতে বৈঠক করেছে লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাস। বৈঠকে হামাস প্রধান ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ অংশ নেন। প্রায় ৩০ বছর পর প্রথমবারের মতো লেবানন সফরে হানিয়া ইসরায়েলের কূটনৈতিক উদ্যোগ প্রত্যাখ্যানকারী অন্যান্য সংগঠনের সঙ্গে সরাসরি ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন।

পরে হিজবুল্লাহ পরিচালিত মানার টিভির খবরে বলা হয়, বৈঠকে দুই নেতা ইসরায়েলের বিরুদ্ধে ‘দৃঢ় প্রতিরোধ’ বজায় রাখার ব্যাপারে সম্মত হয়েছেন।❐

ফ্রান্স২৪

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension