পরিবেশযুক্তরাষ্ট্র

ক্যালিফোর্নিয়া বাতাস থেকে পানি তৈরির প্রযুক্তিতে ঝুঁকছে

বর্তমান বিশ্বে বিশুদ্ধ পানি সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। বৈশ্বিক উষ্ণায়নসহ নানা কারণে এ সংকট আগামীতে আরো প্রকট হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। চলতি বছর তীব্র খরা দেখা দেয়ায় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে যুক্তরাষ্ট্র, কানাডা ও লাতিন আমেরিকার দেশগুলো। তবে এক্ষেত্রে ত্রাতার ভূমিকা পালন করছে প্রযুক্তি। বিশুদ্ধ পানি সংকট থেকে মুক্তির উপায় হিসেবে উদ্ভাবন করা হয়েছে অত্যাধুনিক যন্ত্র। এর মাধ্যমে বাতাস থেকেই তৈরি হচ্ছে সুপেয় পানি। খবর এপি।

ওয়াশিংটনভিত্তিক সুনামি প্রডাক্ট নামের একটি প্রতিষ্ঠানের তৈরি করা অত্যাধুনিক যন্ত্রটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কিছু বাড়ির মালিক কিনতে শুরু করেছেন। বাতাস থেকে পানি তৈরির এ প্রযুক্তি এয়ার কন্ডিশনারের মতো কাজ করে। কয়েলের মধ্যে বাতাস থেকে আর্দ্রতা শুষে নিয়ে পানিতে রূপান্তর করা হয়। এরপর সেই পানি যন্ত্রের অভ্যন্তরে থাকা বেসিনে সংগ্রহ করা হয়।

যন্ত্রটির ডিজাইন ইঞ্জিনিয়ার টেড বোম্যান বলেন, বাতাস থেকে বিশুদ্ধ পানি তৈরির বিষয়টি জাদু নয়, এ প্রক্রিয়াটি বৈজ্ঞানিক। যন্ত্রের মাধ্যমে আমরা এ কাজটিই করছি।

সাম্প্রতিক বছরগুলোতে বাতাস থেকে পানি তৈরিতে এ ধরনের আরো বেশ কয়েকটি প্রযুক্তি তৈরি করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ম্যাশ নেট, সোলার প্যানেল ও শিপিং কনটেইনার। এগুলোর মাধ্যমে বাতাস থেকে আর্দ্রতা সংগ্রহ করে পানিতে রূপান্তর করা হয়।

বোম্যান বলেন, তার কোম্পানির যন্ত্রগুলো বাড়ি, অফিস, খামারসহ যেকোনো স্থানে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে। বাতাসের আর্দ্রতা থেকে পানি তৈরি করে পরিশোধনের মাধ্যমে তা পানের উপযুক্ত করা হয়।

প্রযুক্তিটি বিশেষ করে কুয়াশাপ্রবণ এলাকায় ভালো কাজ করে। আকারভেদে এটি দিনে ২০০ থেকে ১ হাজার ৯০০ গ্যালন পানি উৎপাদন করতে পারে। তবে প্রযুক্তিটি সাশ্রয়ী নয়। আকার ও মানভেদে দাম পড়বে ৩০ হাজার থেকে ২ লাখ ডলার পর্যন্ত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension