
খালেদাকে কটুক্তি: মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার
রূপসী বাংলা ডেস্ক:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে ফেসবুক লাইভে কটুক্তি করায় মালয়েশিয়ায় আসাদুজ্জামান আসাদ নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিএনপি নেতাদের অভিযোগের পর মালয়েশিয়া পুলিশ তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বলে বিবিসি প্রতিবেদন জানিয়েছে।
ওই প্রতিবেদনে মালয়েশিয়ার বাংলাদেশি সাংবাদিকদের প্রেসক্লাবের সভাপতি মো. মনির হোসেন জানান, আসাদ প্রায়ই ফেসবুক লাইভে এসে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে কটুক্তি করতেন। কিছুদিন আগে খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় স্থানীয় বিএনপির নেতা মামুন বিন আবদুল্লাহ গত শনিবার একটি মামলা করেন। এরপর মঙ্গলবার রাতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
মালয়েশিয়ার আইনে মানহানি সিভিল ও ক্রিমিনাল উভয় ধরনের অপরাধ হিসাবে গণ্য হয়। তবে এ ধরনের অভিযোগে জামানত সাপেক্ষে জামিনের বিধান রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।



