বাংলাদেশরাজনীতি

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে ব্যক্তিগত চিকিৎসকদের দাবি বিএনপির

রূপসী বাংলা ঢাকা ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন- ‘কারাবন্দি বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) একটি মেডিকেল বোর্ড গঠন করেছে। গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী মেডিকেল বোর্ডে বিএসএমএমইউয়ের চিকিৎসকরাই রয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল বোর্ডে রাখা হয়নি, যা বিদ্বেষপ্রসূত মনোভাবেরই বহিঃপ্রকাশ।’ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্তির দাবি জানান। রিজভী আহমেদ বলেন-‘কারাকর্তৃপক্ষের মৌখিক বার্তা অনুযায়ী, মেডিকেল বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য দেশনেত্রীর ব্যক্তিগত ৫ জন চিকিৎসকের নাম দলের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছিল। কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নেওয়ায় এটাই প্রমাণ হয় যে, সরকার বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে তিলে তিলে নিঃশেষ করতে চায়। এটি সরকারের অশুভ পরিকল্পনার ইঙ্গিতবাহী। আমি আবারও দলের পক্ষ থেকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, দেশনেত্রীর ব্যক্তিগত চিকিৎসকদের মেডিকেল বোর্ডে অন্তর্ভুক্ত করা হোক।’

এসময় রিজভী বলেন- ‘গত ৯ সেপ্টেম্বর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্যের জাতীয় স্থায়ী কমিটি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাথে সাক্ষাতের সময়ও তিনি মেডিকেল বোর্ডে খালেদার ব্যক্তিগত চিকিৎসক অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছিলেন।’ খালেদা জিয়ার চিকিৎসায় বৃহস্পতিবার গঠিত মেডিকেল বোর্ডের পাঁচ সদস্য হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিনের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী, কার্ডিওলজির অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারির অধ্যাপক আবু জাফর চৌধুরী, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক তারেক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিনের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ। মেডিকেল বোর্ডের সদস্যদের শনিবার বিকেল ৪টায় খালেদা জিয়াকে দেখতে কারাগারে যাওয়ার কথা রয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যদের রাজনৈতিক পরিচয় তুলে ধরে রিজভী আহমেদ আরও বলেন-‘বোর্ডের অন্যতম সদস্য ডা. আবু জাফর চৌধুরী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী। অপর সদস্য ডা. হারিসুল হক আওয়ামী লীগের সমর্থিত চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের বিএসএমএমইউ শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এছাড়া অধ্যাপক তারেক রেজা আলী আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য। তাই আমরা মনে করি, আওয়ামী লীগের প্রতি অনুগত চিকিৎসকগণের অন্তর্ভুক্তকৃত মেডিকেল বোর্ডের মাধ্যমে যথাযথ চিকিৎসা ও তার শারীরিক পর্যবেক্ষণ সঠিকভাবে প্রতিফলিত হবে না।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফরহাদ হালিম ডোনার, নির্বাহী কমিটির সদস্য অপর্ণা রায় চৌধুরী প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension