
খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলার শুনানির ৩০ জানুয়ারি
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মানুষ হত্যার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় চার্জ গঠনের শুনানির জন্য আগামী ৩০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (২৯ নভেম্বর) মামলাটির চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে হাইকোর্ট খালেদা জিয়ার পক্ষে মামলার কার্যক্রম স্থগিত করেছেন জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া।এর পরিপ্রেক্ষিতে নতুন দিন ধার্য করে আদেশ দেন আদালত।
রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত অস্থায়ী ঢাকার ছয় নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এস মোহাম্মদ আলী এই দিন ধার্য করেন। উল্লেখ্য ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর ডেমরা রোডের মাতুয়াইল কাউন্সিলর অফিসের সামনে গ্লোরী পরিবহণের একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় দগ্ধ হন ৩১ জন। দগ্ধদের মধ্যে নূর আলম নামে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার পরিকল্পনাকারী হিসেবে বিএনপির কেন্দ্রীয় ১৮ জন নেতাসহ ছাত্রদল, শ্রমিকদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন যাত্রাবাড়ী থানার এসআই কে এম নুরুজ্জামান। খালেদা জিয়ার নাম এজাহারে আসামির তালিকায় উল্লেখ করা না থাকলেও এজাহারের বক্তব্যের মধ্যে হুকুমদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয়। মামলাটি তদন্ত করে ওই বছরের ১৮ মে গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের এসআই জাহিদুল ইসলাম খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
একই ঘটনায় হত্যা এবং বিশেষ ক্ষমতা আইনের আরও দুটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ডিবি পুলিশের এসআই বশির আহমেদ চার্জশিটগুলো দাখিল করেন। চার্জশিটে আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, আমান উল্লাহ আমান, হাবিবুন নবী খান সোহেল, সালাউদ্দিন আহমেদ ও বরকতউল্লাহ বুলু।



