
খালেদা জিয়া এগিয়ে যেতে বলেছেন: মির্জা ফখরুল
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ সোমবার বিকেলে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, ‘জনগণের জন্য যে ঐক্য করা হয়েছে, তা নিয়ে এগিয়ে যেতে বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।’
খালেদা জিয়াকে উদ্ধৃত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের জন্য যে ঐক্য করা হয়েছে, চেয়ারপারসন তা নিয়ে এগিয়ে যেতে বলেছেন, পাশাপাশি তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
রাজনৈতিক বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে এর বেশি আলোচনা হয় নি বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, তার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। তিনি খুব অসুস্থ, অনেক দিন পর তার সঙ্গে দেখা করার অনুমতি পেলাম। ওনাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় হাসপাতাল থেকে আবার তাকে কারাগারে নেওয়া হয়েছে।
এর আগে সোমবার বেলা পোনে তিনটার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও জমির উদ্দিন সরকার।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে ৪টায় বের হন তারা।



