
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: সোমবার ড. কামাল হোসেনের চেম্বারে জোটের বৈঠক শেষে আ স ম আবদুর রব সাংবাদিকদের জানান, ভোট গ্রহণের তারিখ ১ মাস পেছানোর দাবিতে অনড় রয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের অন্যতম নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, ঐক্যফ্রন্ট তফসিল এক মাস পেছানোর দাবিতেই অনড় থাকবে। এ ব্যাপারে তারা পরবর্তী কর্মসূচি দেবে।
রব আরও জানান, নির্বাচন কমিশনে যাওয়ার কথা থাকলেও ইসি থেকে সময় না পাওয়ায় তারা যান নি।
সরকার চাইলে আলোচনা করে পুনঃতফসিল দেওয়া সম্ভব বলে মনে করেন আ স ম আবদুর রব। তিনি বলেন, ৩০ ডিসেম্বরের একদিন পরেই ইংরেজি নববর্ষ। ওই সময় দেশে কোনও কূটনীতিক ও বিদেশি পর্যবেক্ষক থাকবেন না। সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন বানচাল করতে এ সিদ্ধান্ত নিয়েছে।
দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, কয়েকটি রাজনৈতিক দল ও জোট জাতীয় নির্বাচনের ভোটের তারিখ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। এ জন্য ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বর থেকে পিছিয়ে আগামী ৩০ ডিসেম্বর করা হয়েছে।



