
গ্রেফতার হলেন ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ইভা
বেলজিয়াম পুলিশ ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ইভা কাইলিকে গ্রেফতার করেছে। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। এ মামলার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এ কথা জানিয়েছে। খবর এএফপির।
বিশ্বকাপের আয়োজক দেশ কাতার দুর্নীতি করেছে— এমন অভিযোগের বিষয়ে তদন্তে ইভার নাম এসেছে।
পরে এ ঘটনায় সংশ্লিষ্ট চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। এর পর ইভাকে গ্রেফতার করা হলো।
সূত্র আরও জানায়, পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ইভা কাইলিকে গ্রেফতার করা হয়েছে। তিনি হচ্ছেন আগে গ্রেফতার করা চার ব্যক্তির অন্যতম অংশীদার।
এর আগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ১৬ স্থানে পুলিশের অভিযানে ছয় লাখ ইউরো উদ্ধার হওয়ার পর বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর এদের গ্রেফতারের কথা জানান।
প্রসিকিউটররা এসব সন্দেহভাজনের সুনির্দিষ্ট পরিচয় জানাননি বা জড়িত দেশের নাম বলেননি। এ ক্ষেত্রে তারা কেবল বলেছে, এটি ছিল একটি ‘উপসাগরীয়’ রাষ্ট্র।



