খেলা

চালকের আসনে নিউজিল্যান্ড

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : সেডন পার্কের ব্যাটিং স্বর্গে রানের পাহাড়ে নিউজিল্যান্ড৷ বাংলাদেশকে সস্তায় গুটিয়ে দিয়ে পালটা ব্যাট করতে নামা কিউয়িরা দ্বিতীয় দিনের শেষেই প্রথম টেস্টের রাশ নিজেদের হাতে নিয়ে নেয়৷

টসে হেরে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ ইনিংসের শুরুটা মন্দ করেনি৷ অত্যন্ত আগ্রাসী ব্যাটিংয়ে তামিম ইকবাল দুরন্ত শতরান করেন৷ তবে বাকিরা নূন্যতম সঙ্গত করতে পারেননি তামিমকে৷ ফলে একসময় এক উইকেটে ১২১ রানে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ২৩৪ রানে৷

তামিম ২১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২৮ বলে ১২৬ রান করে আউট হন৷ ওয়াগনার ৪৭ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন৷ সাউদি নেন ৭৩ রানে ৩ উইকেট৷ একটি করে উইকেট ঝুলিতে পোরেন ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোম৷

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথম দিনের খেলা শেষ করেছিল বিনা উইকেটে ৮৬ রান তুলে৷ তার পর থেকে খেলতে নেমে কিউয়িরা দ্বিতীয় দিনের শেষে ৪ উইকেটে ৪৫১ রানে দাঁড়িয়ে৷ অনবদ্য শতরান করেন দুই ওপেনার জিৎ রাভাল ও টম লাথাম৷ ব্যক্তিগত সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন তিন নম্বরে ব্যাট করতে নামা কিউয়ি দলনায়ক কেন উইলিয়ামসন৷ রস টেলর ব্যর্থ হলেও হাফসেঞ্চুরি করে সাজঘরে ফিরেছেন হেনরি নিকোলস৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension