
চা-ওয়ালা মেয়রের সঙ্গে দেখা করলেন মোদী
রূপসী বাংলা কলকাতা ডেস্ক:“প্রধানমন্ত্রী মোদীর মতই একজন চা-ওয়ালা হতে পেরে আমি গর্বিত” বললেন উত্তর-দিল্লি থেকে সদ্য নির্বাচিত মেয়র অবতার সিং। এই প্রথম বিজেপির কোন দলিত শিখ নেতা মেয়র পদ দখল করলেন। তাই তড়িঘড়ি সব কাজ ছেড়ে, এমনকি ভোটের প্রচারেও কিছুটা রাশ টেনে মোদী ছুটে গেলেন উত্তর দিল্লিতে নব নির্বাচিত মেয়রের সঙ্গে দেখা করতে।
উত্তর দিল্লির মেয়র হিসেবে অবতারের নাম প্রথম প্রস্তাব করেন দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন অবতার।
দিল্লির এক বিজেপি নেতা বলেন, নেতা হিসেবে অবতার খুবই পরিশ্রমী। একজন চা বিক্রেতা হিসেব জীবন শুরু করে আজ উত্তর দিল্লির মেয়র নির্বাচিত হয়েছেন। ওর পরিশ্রমই ওর জীবনের সাফল্যের চাবিকাঠি।
১৯৯০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত কাশ্মীরি গেটের ছবিগঞ্জে এক গাছ তলায় ‘টি পিপল মেরিদিয়ান’ নামে চায়ের দোকান ছিল অবতারের। এই চায়ের দোকান চালাতেন অবতার এবং তাঁর স্ত্রী। বছর ৫৪’র অবতার গত সোমবার উত্তর দিল্লির মেয়র হিসেবে দায়ভার হাতে তুলে নেন।
অবতারের সঙ্গে দিল্লিতে দেখা করে এসে সেই ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ারও করেন প্রধানমন্ত্রী। এই ছবিতে অবতারের সঙ্গে দেখা গিয়েছে দক্ষিণ দিল্লির মেয়র সুনীতা কাংরা ও পূর্ব দিল্লির মেয়র অঞ্জু কমলান্তকেও। এই দুই মহিলা মেয়রও সদ্য নির্বাচিত হয়েছেন।



