
চিন্নাস্বামীতে রেকর্ডের সন্ধিক্ষণে বুমরাহ
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : অজিদের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে দুরন্ত বোলিং করলেও জয় আসেনি৷ কারণ শেষ ওভারে উমেশ যাদবের বিরুদ্ধে ১৪ রান নিয়ে ম্যাচ জিতে দু’ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় অস্ট্রেলিয়া৷ বুধবার চিন্নাস্বামীতে সিরিজের দ্বিতীয় তথা শেষ টি-২০৷ এই ম্যাচেই অনন্য রেকর্ডের সামনে টিম ইন্ডিয়ার ডানহাতি পেসার জসপ্রীত বুমরাহ৷
বিশাখাপত্তনমে সিরিজের প্রথম ম্যাচে দারুণ বোলিং করে ভারতকে ম্যাচ ফিরিয়ে ছিলেন বুমরাহ৷ মাত্র ১৬ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছিলেন বিরাট কোহলির দলের এক নম্বর পেসার৷ বুধবার চিন্নাস্বামীতে অজিদের বিরুদ্ধে দু’টি উইকেট পেলেও প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করবেন বুমরাহ৷
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতীয় বোলার হিসেবে সর্বাধিক ৫২টি উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিন৷ কিন্তু আগের ম্যাচে তিনটি উইকেট নিয়ে অশ্বিনের থেকে মাত্র একটি উইকেট পিছনে বুমরাহ৷ প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ ড্র করতে মরিয়া ভারত৷ কয়েক মাস আগে অস্ট্রেলিয়ায় গিয়ে টি-২০ সিরিজ ড্র করে এসেছে টিম কোহলি৷ তিন ম্যাচের ফলাফল ছিল ১-১৷
টি-২০ সিরিজ ড্র হলেও অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট ও দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জিতে ইতিহাস গড়ে বিরাটবাহিনী৷ বিশ্বকাপের আগে ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে লড়াই বিরাটদের৷ দু’ ম্যাচের টি-২০ সিরিজ ছাড়াও অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে টিম কোহলি৷ সিরিজের প্রথম ওয়ান ডে ২ মার্চ, হায়দরাবাদে৷



