
জনপ্রতিনিধি হওয়ার জন্য পৃথিবীর কোথাও শিক্ষাগত যোগ্যতা মুখ্য নয়: এলজিআরডি মন্ত্রী
এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, জনপ্রতিনিধি হওয়ার জন্য পৃথিবীর কোথাও শিক্ষাগত যোগ্যতা মুখ্য নয়। জনবান্ধব এবং মেধাবী হয়ে উচ্চশিক্ষিত না হলেও অনেকেই ভালো করছেন।
শনিবার কুমিল্লা ক্লাব অডিটোরিয়ামে স্টার্ট আপ কুমিল্লার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তাজুল ইসলাম আরও বলেন, শিক্ষিত হলে অবশ্যই ভালো হবে। আমরা আশা করছি- বিশ্ববিদ্যালয় পড়ুয়ারাও এক সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিবে।
আই সি টি ডিভিশনের উদ্যোগে কুমিল্লা ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্টার্ট আপ কুমিল্লার গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার, আই সি টি ডিভিশনের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবীর চৌধুরী, আই সি টি বিভাগের আইডিয়া প্রজেক্টের প্রকল্প পরিচালক সৈয়দ মজিবুল হক। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো আবুল ফজল মীর।
অনুষ্ঠানে ৮০ জন ছাত্রছাত্রী নতুন স্টার্ট আপে উদ্যোক্তা হিসেবে অংশ নেন।
এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি আরও বলেন, তরুণেরাই দেশের ভবিষ্যত, দেশের প্রতিটি উন্নয়নে যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।❐



