
জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ সিলেটে
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আসন্ন নির্বাচনের আগে সাত দফার দাবির পক্ষে সমর্থন আদায় করতে সিলেটে প্রথম সমাবেশের ডাক দিয়েছে বিএনপিসহ ড. কামালের নেতৃত্বে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আসম আবদুর রবের উত্তরার বাসায় জোটের নেতাদের রুদ্ধদ্বার বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আর এই ঘোষণা দেন আবদুর রব নিজেই।ঘোষণায় বলা হয়, আগামি ২৩ অক্টোবর হযরত শাহ জালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারতের পর সেখানে সিলেটে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।
বৈঠকে আরও দুটি সিদ্ধান্ত নেওয়ার কথা জানান রব। এই সিদ্ধান্ত দুটি হচ্ছে শরিকদের নিয়ে লিয়াজোঁ কমিটি গঠন আর সমাবেশ, মহাসমাবেশ অনুষ্ঠান।সিলেটের পর পর্যায়ক্রমে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরসহ বিভাগীয় শহর ও মহানগরে জাতীয় ঐক্যফ্রন্ট সমাবেশের কর্মসূচি পালন করবে বলেও জানান জেএসডি সভািপতি। এসময় তিনি আগামী নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে সরকার ও প্রশাসনের সহযোগিতা চান। বুধবার জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে জোটের লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দের নাম গণমাধ্যমকে জানানো হবে বলে তিনি জানান।
বেলা ১২টা থেকে শুরু হওয়া এই বৈঠকে অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যনির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপিপন্থি পেশাজীবী নেতা ডা. জাফরুল্লাহ, ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুরসহ জোটের আরও বেশকয়েক জননেতা।



