
প্রধান খবরবাংলাদেশ
জামায়াত নেতারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতারা নির্বাচন করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। এ সংক্রান্ত আবেদনের ওপর হাইকোর্টের দেওয়া আদেশের পর আদালত থেকে বের হয়ে এ কথা বলেন তারা। আজ ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার এই আদেশ দেয় হাইকোর্ট।
প্রসঙ্গত, জামায়াতে ইসলামী নেতাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি সম্পূরক রিট আবেদন করা হয়েছিল। আবেদনে তাদের বৈধ প্রার্থী বিবেচনা করে নির্বাচন কমিশন সর্বশেষ যে সিদ্ধান্ত দিয়েছে তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। তাদের প্রার্থিতা বাতিলের নির্দেশও চাওয়া হয়েছিল আবেদনে।
আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত রুল জারি করে। রুলে জানতে চাওয়া হয়, তাদের বৈধ প্রার্থী বিবেচনা করে নির্বাচন কমিশন সর্বশেষ যে সিদ্ধান্ত দিয়েছে তা কেন অবৈধ ঘোষণা করা হবে না। তবে তাদের প্রার্থিতা বাতিলের আবেদনে সাড়া দেয় নি আদালত। ফলে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে তাদের প্রার্থিতায় এ সংক্রান্ত কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে রিটকারীরপক্ষে শুনানি করেন আইনজীবী তানিয়া আমির। প্রার্থীদের পক্ষের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং নির্বাচন কমিশনের আইনজীবী মোহাম্মদ ইয়াসিন শুনানি করে আদালত থেকে বের হওয়ার পর এসব তথ্য জানান।
বাংলাদেশ তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল রেজাউল হক চাঁদপুরীসহ ৪ জন এই রিট করেন। শুনানি নিয়ে বিচারপতি জে.বি.এম. হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে।



